তেভেজের জন্য তৈরি ইন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত কি সান সিরোই হতে যাচ্ছে তেভেজের ঠিকানা? না, সরে দাঁড়ানো এসি মিলান নতুন করে আগ্রহ দেখায়নি। তবে সান সিরোরই আরেক ক্লাব ইন্টার মিলান এবার জোরেশোরে নেমেছে মাঠে। ইন্টার প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তি বলে দিয়েছেন, তেভেজের জন্য আড়াই কোটি ইউরো খরচ করতেও রাজি। মিলানের দুই ক্লাবই তেভেজকে পেতে চেয়েছিল। এগিয়ে ছিল এসি মিলান। পাতোর ফ্রান্সের পিএসজিতে চলে যাওয়ার সম্ভাবনার কারণেই তেভেজকে চাইছিল তারা। পাতো মত বদলালে মিলান সরে দাঁড়ায়। শেষ পর্যন্ত দুইয়ে-দুইয়ে চার মেলেনি। মিলান সরে যাওয়ার পর এখন মাঠে নেমেছে ইন্টার। পরশু মিলান ডার্বিতে জয় তুলে নেওয়ার পর মোরাত্তি সাংবাদিকদের বলেছেন, ‘ফুটবলে কোনো কিছুই গোপন থাকে না। আমরা আড়াই কোটি ইউরোর প্রস্তাব দিয়েছি। এখন এটা পুরোপুরি সিটির ওপর।’মিলান সভাপতি অবশ্য বাস্তবতা বোঝেন। মিলান সরে গেলেও তেভেজের ওপর চোখ আছে আরও অনেক ক্লাবের, ‘হ্যাঁ, আরও অনেক ক্লাব আছে ওর ব্যাপারে আগ্রহী। কিছু ইংলিশ ক্লাব আছে। প্যারিস সেন্ট জার্মেইও আছে।’ তবে আড়াই কোটির বেশি দরও তাঁরা দিতে রাজি নন। এখন একটাই আশা, মানচিনি নিজে সিটিতে যোগ দেওয়ার আগে চার বছর ইন্টারের কোচ হিসেবে কাজ করেছেন। ফলে সমঝোতা হতেই পারে। প্রথম ১০ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে অবনমন অঞ্চলের আশপাশে ঘুরপাক খাওয়া ইন্টারের দুর্দান্ত প্রত্যাবর্তন হয়েছে ইতালিয়ান লিগে। সর্বশেষ আট ম্যাচের সাতটিই জিতেছে। মোরাত্তি মনে করিয়ে দিচ্ছেন, ‘এখন যা অবস্থা তাতে মনে হতে পারে তেভেজের কোনো প্রয়োজন নেই আমাদের। কিন্তু ফুটবলে ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন সমস্যার মুখে পড়তে হয়।’অর্থাৎ যেকোনো সময় যে কারও চোট দলকে ঝামেলায় ফেলে দিতে পারে। যেমন পড়েছে সিটি নিজেই। আফ্রিকান নেশনস কাপের জন্য তোরে ভাইদের ছাড়তে হয়েছে। এর মধ্যে ডেভিড সিলভার ইনজুরি, ভিনসেন্ট কম্পানির নিষেধাজ্ঞা। ম্যানচেস্টার ইউনাইটেড আর লিভারপুলের কাছে টানা দুই ম্যাচ হারতে হয়েছে। সব মিলিয়ে যা পরিস্থিতি, মানচিনির তরফ থেকে শান্তির সাদা পতাকাও ওড়ানো হতে পারে। এরই মধ্যে সিটির সহকারী কোচ ডেভিড প্লাট বলেছেন, সিটির জার্সি গায়েই তেভেজকে দেখা যেতে পারে আবার।