তেভেজের জায়গা নেই বাতিস্তার আর্জেন্টিনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাব ফুটবলে সফল একটা মৌসুম কাটালেন কার্লোস তেভেজ। অধিনায়ক হিসেবে ৩৫ বছর পর ম্যানচেস্টার সিটিকে এনে দিয়েছেন এফএ কাপের শিরোপা। কিন্তু তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারটা হুমকির মুখেই ফেলে দিয়েছেন আর্জেন্টিনার কোচ সার্জিও বাতিস্তা। জাতীয় দলে এখন তেভেজের আর কোনো জায়গা নেই বলে সরাসরিই জানিয়ে দিয়েছেন তিনি।আগামী জুলাইয়ে ব্রাজিলে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচের সময়সূচি ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাতিস্তা বলেছেন, ‘আমার নম্বর নয় হলো মেসি। কোনো খেলোয়াড়কেই একেবারে বাদ দেওয়া যায় না। কিন্তু তেভেজের কথা আলাদা। সে যে পজিশনে খেলে, সেটা মেসির জন্যই বরাদ্দ করা হয়েছে।’ কোনো ব্যক্তিগত ক্ষোভ-ক্রোধ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানিয়েছেন বাতিস্তা। তিনি বলেছেন, ‘এখানে ব্যক্তিগত কিছুই নেই। আর্জেন্টিনা বার্সেলোনার মতো হয়তো খেলতে পারবে না। কিন্তু আমি মেসির সর্বোচ্চ খেলাটা পেতে চাই। আমরা মাঠে খুবই ধৈর্য নিয়ে খেলতে চাই।’জুনের শুরুতে ১ ও ৫ তারিখে নাইজেরিয়া ও পোল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ২০ জুন নাগাদ বাতিস্তা তাঁর কোপা আমেরিকার দল ঘোষণা করতে পারেন বলে অনুমান করা হচ্ছে।—রয়টার্স