তেভেজের জোড়া গোল, তৃতীয় স্থানে ম্যান সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র কয়েক দিন আগেই স্টোক সিটিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। এবার ইংলিশ প্রিমিয়ার লিগেও সেই স্ট্রোক সিটিকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। গতকাল ম্যান সিটির এই তিনটি গোলের দুটিই এসেছে আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজের পা থেকে। আর মাত্র দুটি গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন লিগের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রি বারবাতোভকে।প্রথমার্ধের ১৪ মিনিটে চমৎকার এক গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন তেভেজ। জেমস মিলনারের কাছ থেকে বল পেয়ে অসাধারণ দক্ষতায় স্টোক সিটি ডিফেন্ডার রায়ান শাউক্রস ও অ্যান্ডি উইলকিনসনকে পাশ কাটিয়ে বল জালে জড়িয়ে দেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ম্যান সিটির ডিফেন্ডার জোলেওন লেসকট। ৬৫ মিনিটে দূরপাল্লার চমৎকার এক ফ্রি কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তেভেজ।গতকালের জয়টির পাশাপাশি ম্যান সিটি সমর্থকদের আরও একটি সুখবর দিয়েছেন কোচ রবার্তো মানচিনি। কয়েক দিন ধরেই তেভেজের ম্যান সিটি ছেড়ে যাওয়ার যে কথাবার্তা চলছিল, সেটা নাকচ করে দিয়েছেন তিনি। আরও কিছুদিন তাঁরা দলের প্রধান ভরসা তেভেজকে খুব ভালোভাবেই পাবেন বলে জানিয়েছেন মানচিনি। তিনি বলেছেন, ‘আমরা বরাবরই বলি যে সে খুবই গুরুত্বপূর্ণ এবং অসাধারণ খেলোয়াড়। আজ সে আবারও সেটা প্রমাণ করল। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। আমার মনে হয়, সে পরবর্তী মৌসুম পর্যন্ত এখানেই থাকবে। তেভেজ আমাকে বলেছে, সে থাকতে চায়।’— রয়টার্স