তেভেজের তিন, সিটির চার
আগের রাতে লিওনেল মেসি হ্যাটট্রিক করার পর আর্জেন্টাইন সতীর্থকে কি কোনো মুঠোবার্তা পাঠিয়েছিলেন কার্লোস তেভেজ? পাঠিয়ে থাকলে একটা ফিরতি বার্তাও পাওনা রয়ে গেছে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের। নাকি সেটি পেয়ে গেছেন এরই মধ্যে? ম্যানচেস্টার সিটির হয়ে যে পরশু হ্যাটট্রিক করেছেন তেভেজও। তাঁর ৭, ৪৯ আর ৯০ মিনিটের তিন গোলে ব্ল্যাকবার্ন রোভার্সকে ৪-১ ব্যবধানে হারিয়েছে সিটি। আর এই জয় দিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এল রবার্তো মানচিনির দল।বড় জয়, চারে উঠে আসার স্বপ্ন পূরণ—সব মিলে মানচিনির খুশিই হওয়ার কথা। কিন্তু ইতালিয়ান কোচকে পোড়াচ্ছে ৭১ মিনিটে খেয়ে বসা গোলটি, যেটি তাঁর চোখে প্রতিপক্ষকে দেওয়া একটা উপহার, ‘আমাদের জন্য বেশ ভালো একটা রাত ছিল এটি। আমরা আসলেই দুর্দান্ত খেলেছি। কার্লোস তেভেজ অনেক, অনেক ভালো খেলেছে। ৯০ মিনিট দল মনোযোগ ধরে রেখেছিল। কিন্তু আমার রাগ হচ্ছে একটা গোল খাওয়ার কারণে। এটা আমাদের দেওয়া একটা উপহার। পুরোটা সময় মনোযোগ ধরে রাখা জরুরি। একটা গোলই বা আমরা কেন খাব?’মানচিনির এই ‘রাগ’ নিয়ে তাঁর শিষ্যদের মন খারাপের কিছু নেই। বরং এক মিনিট নীরবতা দিয়ে ম্যাচ শুরু করা সিটি খেলোয়াড়দের মন খারাপের গুমোট বাতাস সরে গেছে এই ম্যাচের পর। সতীর্থ ইমানুয়েল আদেবায়োর কদিন আগে মৃত্যুর মুখ থেকে ফিরেছেন। অ্যাঙ্গোলায় টোগো দলের ওপর হামলায় নিহতদের স্মরণেই এই নীরবতা পালন। মানচিনির দায়িত্বে লিগে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে সিটি। এই তিন ম্যাচে ছয় গোল করেছেন তেভেজ। দায়িত্ব নেওয়ার পর পরই তেভেজকে তাঁর দেখা ‘অন্যতম সেরা স্ট্রাইকার’ বলে যে ঘোষণা মানচিনি দিয়েছিলেন, সেটারই প্রতিদান দেওয়ার চেষ্টায় বুঝি ব্যস্ত লিগে মোট ১২ গোল করা এই আর্জেন্টাইন। এদিনও তেভেজের আরেক দফা প্রশস্তি গেয়ে গেলেন মানচিনি। জানালেন, ইন্টার মিলানের কোচ থাকার সময়ও তেভেজকে দলে নিতে চেয়েছিলেন। এএফপি, ওয়েবসাইট।