তেভেজের পাশে অ্যাগুয়েরো
কার্লোস তেভেজের ওপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করায় দুঃখ প্রকাশ করেছেন তাঁর আর্জেন্টাইন সতীর্থ সার্জিও অ্যাগুয়েরো। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ খেলায় তেভেজ মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন কোচ রবার্তো মানচিনি। এর পরই তাঁর ওপর এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ।গতকাল এক বিবৃতির মাধ্যমে ম্যানচেস্টার সিটি জানিয়েছে, ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্ট্রাইকার কার্লোস তেভেজকে মাঠের বাইরে কাটাতে হবে। সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে। গত বৃহস্পতিবারের বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচটার পর্যালোচনা শেষে এ বিষয়ে পুরো সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগ পর্যন্ত তেভেজকে দলে অন্তর্ভুক্ত করা যাবে না এবং অনুশীলনেও অংশ নিতে পারবে না।’ কোচ রবার্তো মানচিনির মনোভাব অবশ্য আরও কঠোর। কার্লোস তেভেজ অধ্যায় পুরোপুরিই শেষ বলে জানিয়েছেন ম্যানসিটির কোচ।