তেভেজের ময়নাতদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোদ ডিয়েগো ম্যারাডোনাই বলেছিলেন, আর্জেন্টিনার এই দলটা ছিয়াশির দলের চেয়েও ভালো। লিওনেল মেসি, কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়েইন, ডিয়েগো মিলিতো, সার্জিও আগুয়েরো, হুয়ান সেবাস্টিয়ান ভেরন—নামগুলো দেখলে ম্যারাডোনার কথায় আপত্তি করার সুযোগও থাকে না।কিন্তু সেই আর্জেন্টিনাই কিনা তাদের বিশ্বকাপ ইতিহাসের অন্যতম জঘন্য হার হারল জার্মানির কাছে! ব্যাখ্যা কী? সবাই ব্যাখ্যা খুঁজছেন। কেউ দুষছেন ম্যারাডোনার ভুল কৌশলকে; কেউ বলছেন খেলোয়াড়েরা চ্যালেঞ্জ নিতে পারেননি; আবার কেউ বলছেন জার্মানির দোর্দণ্ড প্রতাপের কারণেই আর্জেন্টিনার এই করুণ দশা। কার্লোস তেভেজ বলছেন, মাঠে দলীয় সমন্বয়ের অভাবেই ডুবেছে আর্জেন্টিনা।আর্জেন্টিনায় এই প্রজন্মের জনপ্রিয়তম খেলোয়াড় হিসেবে বিবেচিত তেভেজ গার্ডিয়ানকে বলেছেন, ‘আমরা একটা দল হিসেবে খেলতে পারিনি, এটাই সবচেয়ে বড় সমস্যা ছিল।’দারুণ পরিশ্রমী তেভেজ দাবি করছেন, জার্মানির কৌশল তাঁরা আগেই অনুমান করতে পেরেছিলেন। কিন্তু সেটা থামানোর জন্য দলীয় কোনো চেষ্টা ছিল না বলে বলছেন ক্ষুব্ধ ‘কার্তিলোজ’, ‘আমরা জানতাম জার্মানি ইংল্যান্ডের ম্যাচের মতোই প্রতি-আক্রমণনির্ভর খেলা খেলবে। কিন্তু আমাদের ভুলই ওদের থামাতে দিল না। একটা দল হিসেবে না খেলার খেসারতই দিয়েছি আমরা। আমাদের দলে বিশ্বের সেরা কয়েকজন খেলোয়াড় আছে। জার্মানি বা হল্যান্ডের তো সেরা খেলোয়াড় নেই। কিন্তু ওরা একটা দল হয়েই খেলে ম্যাচের পর ম্যাচ জিতছে।’কার্লোস তেভেজের আর্জেন্টিনার প্রতি টানটা সব সময়ই অন্য অনেকের চেয়ে বেশি আলোচিত। তাই দলের পরাজয়ে কষ্টটাও অনেকের চেয়ে বেশি তাঁর। বারবার বলেও কমছে না তেভেজের কষ্ট, ‘বিশ্বকাপ আসলেই খুব নিষ্ঠুর হতে পারে। কয়েকটা ভুলেই সব শেষ হয়ে গেল। আমরা জানতাম, আমরা যেভাবে চাই, জার্মানি সেভাবে আক্রমণ করতে দেবে না। কিন্তু আমরাই তো ভালো খেলতে পারলাম না। ওরা যা করতে পারে করেছে, আমরা পারিনি।’না পারার বেদনায় পুড়ছেন। সেই সঙ্গে নিজে যে সর্বোচ্চ চেষ্টা করেছেন, সেটা মনে করিয়ে দিয়েছেন, ‘আমি খুব, খুবই কষ্টে আছি। এই পরাজয়ে আমি খুব হতাশ। কিন্তু আমি তো মাঠে আমার সব উজাড় করে দিয়েছি। আমি যা যা পারতাম—আমার হূদয়, পা সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু সেটাও যথেষ্ট হলো না।’কষ্ট আছে, সে কষ্ট সহজে যাওয়ার নয়। তার পরও কষ্টের আড়ালে তেভেজ হারিয়ে ফেলতে চান না চলতি বিশ্বকাপেই অর্জনের স্মৃতিগুলো, ‘এই বিশ্বকাপকে পুরোপুরি ব্যর্থ বলা যাবে না। কারণ শনিবারের আগ পর্যন্ত তো আমরা ফেবারিটদের মধ্যে ছিলাম। আমার মনে হয় না, জার্মানির বিপক্ষে এই হারের কারণে আগে যা যা করেছি, সবকিছু ভুলে যাওয়া ঠিক হবে।’ ওয়েবসাইট।