তেভেজের রঙিন অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটি ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েই নিজেকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন কার্লোস তেভেজ। প্রতিশ্রুতি দিয়েছেন নতুন করে চেনাবেন নিজেকে। প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারবেন কে জানে! তবে জুভেন্টাস-অধ্যায়ের শুরুটা করলেন দুর্দান্ত। নিজে গোল করেছেন। জুভেন্টাসও লাৎসিওকে ৪-০ গোলে বিধ্বস্ত করে জিতে নিয়েছে মৌসুম-সূচক সুপারকোপা ইতালিয়ার শিরোপা। জুভেন্টাসের হয়ে এই আর্জেন্টাইনের অভিষেকটা এর চেয়ে ভালো আর হতে পারত না।
রোমের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে জুভেন্টাস এগিয়ে যায় পল পগবার গোলে। দ্বিতীয়ার্ধের ৫২ থেকে ৫৬—পাঁচ মিনিটে আরও তিন গোল। যার শেষ গোলটি করে নিজেকে নিয়ে প্রত্যাশাটা আরও বাড়িয়ে তুললেন ‘এল অ্যাপাচি’। ১২ মিটার দূর থেকে নিচু শটে লাৎসিওর গোলরক্ষক ফেদেরিকো মারচেত্তিকে পরাস্ত করেছেন। তবে পাঁচ মিনিটে তিন গোলের ঝড় নয়, ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় ছিল বর্ণবাদ।
ফুটবল থেকে বর্ণবাদের শেকড় উপড়ে ফেলার প্রত্যয় ইতালিয়ানদের মধ্যেই বেশি। অথচ বর্ণবাদের ঘটনা সেখানেই ঘটছে বেশি! ম্যাচের শেষ দিকে জুভেন্টাসের পল পগবা, অ্যাঞ্জেলো ওগবোন্না ও কোয়াদু আসামোয়ারা বল ধরলেই বর্ণবাদী আচরণ করেছে লাৎসিওর সমর্থকেরা। মাইক্রোফোনে তাদের সতর্কও করা হয়েছে। যদিও মাঠের খেলায় কোনো ছেদ পড়েনি। জুভদের শিরোপা-আনন্দও এটা কেড়ে নিতে পারেনি।
গত দুবারের লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাসের চোখে এবার হ্যাটট্রিকের স্বপ্ন। আগামী শনিবার সিরি ‘আ’তে নিজেদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সাম্পদোরিয়া। তার আগে একটা শিরোপা জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পেরে কোচ আন্তোনিও কন্তে উচ্ছ্বসিত, ‘ইতিহাস লিখেই চলেছি আমরা।’ এএফপি।