তেভেজের শাস্তি
ইংল্যান্ডে ২৫০ ঘণ্টা সামাজিক সেবা দিতে হবে কার্লোস তেভেজকে। আগামী ছয় মাস সেখানে গাড়ি চালাতে পারবেন না তিনি। একই সঙ্গে আর্জেন্টাইন এই ফুটবল তারকাকে জরিমানা গুণতে হবে ১ হাজার পাউন্ড। আদালতের নির্দেশ অমান্য করে গাড়ি চালানোর অপরাধে তেভেজের ওপর এই শাস্তি আরোপ করা হয়েছে।বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার জানিয়েছে, ম্যাচেলসফিল্ড ম্যাজিস্ট্রেট আদালতে দোষী সাব্যস্ত হন তেভেজ।ইংল্যান্ডে গাড়ি চালানো নিয়ে সেই শুরুর দিনগুলো থেকেই ঝামেলার মধ্যে আছেন তেভেজ। গত জানুয়ারিতে ইংল্যান্ডে গাড়ি চালানোর ব্যাপারে তাঁর ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। সেটি তোয়াক্কা না করে গাড়ি চালাতে গিয়ে গত জানুয়ারিতে গ্রেপ্তার হন তেভেজ। ওই সময় জামিনে বেরিয়ে এলেও শাস্তি পেতেই হলো ২৯ বছর বয়সী এই তারকাকে।তেভেজের শাস্তি অবশ্য ‘কম’ই হয়ে গেছে। তারকা বলেই নামমাত্র শাস্তিতে পার পেলেন তিনি। কারণ, আইন অনুযায়ী তাঁর জেলও হতে পারত। ইংল্যান্ডে নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চালানোর সর্বোচ্চ শাস্তি ছয় মাসের জেল ও পাঁচ হাজার পাউন্ড জরিমানা। অবশ্য এ ধরনের শাস্তির ক্ষেত্রে আদালত তারকাদের কারাদণ্ডের পরিবর্তে সামাজিক কাজের নির্দেশ দিয়ে থাকেন। তেভেজের ক্ষেত্রেও এমনটাই হলো।