বিতর্ক ছাড়া থাকতে বুঝি তাঁর ভালোই লাগে না। ইংলিশ প্রিমিয়ার লিগে পা দেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন। শুরুটা হয়েছিল সেই ওয়েস্ট হামেই। ম্যানচেস্টার ইউনাইটেডে যেমন, তেমনি সিটিতে যোগ দেওয়ার পরও বিতর্ক তাঁর ছায়াসঙ্গী। কার্লোস তেভেজ এবার নতুন বিতর্কের সাগরে ঝাঁপ দিলেন স্বেচ্ছায়। পরশু ম্যানচেস্টার সিটির শিরোপা উৎসবে তাঁর হাতে দেখা গেল বিদ্রূপাত্মক এক সমাধিফলক। যাতে লেখা: ‘আরআইপি ফার্গি’। মানে ফার্গুসন রেস্ট ইন পিস, চিরশান্তির নিদ্রায় শায়িত!ধারণা করা হচ্ছে, কোনো সিটি সমর্থক এই ব্যানার তেভেজের হাতে তুলে দিয়েছিলেন। তেভেজের এই কাণ্ড স্বাভাবিকভাবেই সমালোচনার ঝড় তুলেছে। ম্যানচেস্টার সিটি পর্যন্ত এক বিবৃতিতে কড়া সমালোচনা করেছে। ক্ষমাও চেয়েছে ম্যানইউ কোচের কাছে। সম্ভবত সিটি সমর্থকের ওই ব্যানারের উৎস লুকিয়ে ২০০৯ সালে ফার্গুসনের এক মন্তব্যে। ইউনাইটেড কখনো একই শহরের প্রতিদ্বন্দ্বীর চেয়ে পিছিয়ে থাকবে কি না, এই প্রশ্নের জবাবে ফার্গি বলেছিলেন, ‘আমার জীবদ্দশায় নয়’। সিটি প্রিমিয়ার লিগ জেতার পর এই ব্যানার হয়তো এরই পাল্টা জবাব। পেছনের ঘটনা যাই হোক, ম্যান সিটিও তেভেজের পাশে দাঁড়ায়নি। বরং বিবৃতিতে বলেছে, ‘এ ধরনের জিনিস বানানো অরুচিকর, তিরস্কারযোগ্য। আর সেটি গ্রহণ করে হাতে তুলে ধরে কার্লোস খুব বড় ভুল করেছেন। স্যার অ্যালেক্স ফার্গুসন ও ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের কাছে আমরা আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি।’ ক্ষমা প্রার্থনা করেছেন তেভেজও। বলেছেন, পুরোনো কোচকে অসম্মান করার কোনো ইচ্ছা তাঁর ছিল না, ‘আমি মুহূর্তের উত্তেজনায় এমনটা করে ফেলেছি। কোনো অবস্থাতেই আমি স্যার অ্যালেক্স ফার্গুসনকে অসম্মান করতে চাইনি। তাঁকে আমি মানুষ ও কোচ হিসেবে সম্মান করি।’ এএফপি।