তেভেজের হ্যাটট্রিক
অবশেষে দেখা মিলল সেই তেভেজের। নিজের দিনে প্রতিপক্ষকে চূর্ণ করতে জানেন। পরশু তেভেজ-আগুনে পুড়ে ছাই হলো নরউইচ সিটি। মাস দুয়েক আগেও যাঁর ক্যারিয়ার ঢাকা ছিল অনিশ্চয়তার কালো মেঘে, পরশু প্রত্যাবর্তনের ষষ্ঠ ম্যাচে সেই তেভেজ করলেন হ্যাটট্রিক! সঙ্গে আরেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো করলেন দুই গোল। দুই আর্জেন্টাইনের কাঁধে চেপে ম্যানচেস্টার সিটি নরউইচ সিটির মাঠে পেয়েছে ৬-১ গোলের বিশাল জয়।দুই মাসের মধ্যে প্রতিপক্ষের মাঠে এটাই ম্যান সিটির প্রথম জয়। তেভেজ-আগুয়েরো জুটির এনে দেওয়া এ জয়ের আরও বড় মাহাত্ম্য, আর্সেনালের কাছে হেরে ম্যান সিটির বিবর্ণ হয়ে যাওয়া শিরোপা-স্বপ্নটা আবার প্রাণ পেয়েছে। আর্সেনালের কাছে হারের মধ্য দিয়ে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে পড়েছিল সিটি। কিন্তু গত বুধবার উইগানের কাছে ম্যানইউর হার এবং সিটির টানা দুই জয়ে ব্যবধানটা এখন নেমে এসেছে পাঁচে। ৩৪ ম্যাচে ম্যানইউর পয়েন্ট ৮২, ৩৪ ম্যাচে সিটির ৭৭। কাল নিজেদের মাঠে অ্যাস্টন ভিলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানইউ। গোল করেছেন ওয়েইন রুনি (২টি), ড্যানি ওয়েলবেক ও নানি।কোচ রবার্তো মানচিনি অবশ্য নিজেদের শিরোপা-স্বপ্নটা ‘শেষই’ বলছেন। তবে একটা সম্ভাবনার রেখা তো ফুটে উঠেছে। ৩০ এপ্রিল নিজেদের মাঠে ম্যানইউর বিপক্ষে জিতলে সিটি অবশ্যই জোরেশোরে শিরোপার দাবি জানাবে। সিটির ইতালিয়ান কোচ এখনই অতটা ভাবতে নারাজ। জয়ের চেয়ে তেভেজকে নিয়েই তো তাঁকে কথা বলতে হয়েছে বেশি।গত সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেই ঘটনার পর প্রায় পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন তেভেজ। পরশুর হ্যাটট্রিকের পর আলোচনার মোড় বদলে গেছে। দীর্ঘ এই সময় তেভেজ দলে থাকলে সিটি কি এরই মধ্যে শিরোপা নিশ্চিত করে ফেলত না! মানচিনি এই দাবির সঙ্গে একমত নন, ‘আমি মনে করি, কার্লোসকে ছাড়াও আমরা গত চার-পাঁচ মাস ভালো করেছি।’ তবে তেভেজ থাকলে দলের শক্তি যে বাড়ত, সেটা স্বীকার করেছেন—‘কিন্তু আমি নিশ্চিত, যদি সার্জিও আগুয়েরো, এডিন জেকো, মারিও বালোতেল্লিদের সঙ্গে কার্লোসকেও পেতাম, আমরা আরও বেশি গোল করতে পারতাম।’তেভেজ ফেরার পর প্রথম গোল পান ১১ এপ্রিল ওয়েস্টব্রমের বিপক্ষে। এ ম্যাচে ১৮ মিনিটে প্রথম এগিয়ে দেন দলকে। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলের পর ৮৩ মিনিটে মাঠ ছাড়ার আগে ৮০ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। এর মধ্যে ২৭ ও ৭৫ মিনিটে গোল করেন আগুয়েরো। ৯০ মিনিটে সিটির শেষ গোলটি করেছেন জনসন। এএফপি।