তেভেজেরও কিছু বলার আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার ধারণা, সমর্থকদের ভুল তথ্য দেওয়া হয়েছে, আসল ঘটনা তারা জানেই নাবন্ধ দরজা খুলে দিয়েছেন রবার্তো মানচিনি। শর্তটাও কঠিন কিছু নয়। কিন্তু সেই দরজায় আবার পা পড়বে তো কার্লোস তেভেজের! ক্ষমা চাইলে আর্জেন্টাইন স্ট্রাইকারকে আবারও দলে নেবেন—ম্যান সিটি কোচের এমন মন্তব্যের পর এবার বক্তব্য পাওয়া গেল তেভেজের। পরশু ব্রিটেনের ‘স্কাই স্পোর্টস নিউজে’ প্রচারিত সাক্ষাৎকারে তেভেজ বলেছেন, তিনি ক্ষমা চাইতে প্রস্তুত। কাল সপরিবারে ফিরেও গেছেন ইংল্যান্ডে। তার মানে বরফ কি গলে গেল! এত সহজ নয়। কারণ দীর্ঘ সাক্ষাৎকারে ‘মিউনিখ-কাণ্ডে’ আসলেই কী ঘটেছিল, সেটার বর্ণনা দিয়েছেন তেভেজ। তারই একপর্যায়ে অভিযোগ করেছেন, ‘মানচিনি আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করেছেন।’‘আমি মনে করি না ভুল কিছু করেছি। তার পরও ক্লাব যদি চায়, আমি ক্ষমা চাইব। আমি ফিরতে প্রস্তুত। দলকে জেতাতে, দলের জন্য নিজের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত’—তেভেজের বক্তব্যের এই অংশটুকু পর্যন্ত শান্তির বারতাই ছিল। কিন্তু এর পরই মনের ক্ষোভ উগড়ে দিয়েছেন।২৭ সেপ্টেম্বর মিউনিখে কী হয়েছিল, এত দিন শুধু মানচিনির ভাষ্যই জানা গেছে। এই প্রথম জানা গেল তেভেজের ভাষ্য, ‘আমার নিজের মেজাজও খারাপ ছিল। উনি (মানচিনি) জেকোকে তুলে ডি ইয়াংকে নামিয়ে দিলেন, আমরা তখনো ০-২ গোলে পিছিয়ে। আমার মনে হলো, এটা ছিল রক্ষণাত্মক সিদ্ধান্ত। আমি তাই বেঞ্চে বসে থাকার সিদ্ধান্ত নিলাম। আমি ১০ মিনিট ধরে গা গরম করেছি, কিন্তু তাঁর ভাবভঙ্গিটা এমন ছিল যে, ৪-০ তে হারার বদলে ২-০ হারাই ভালো। প্রচণ্ড ক্ষুব্ধ জেকো টানেল বন্ধ থাকায় আমার পাশে এসে বসল। এরপর মানচিনির সঙ্গে শুরু হলো ওর ঝগড়া।’পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে উঠেছিল বলেও জানালেন তেভেজ, ‘জেকো বসনিয়ান ভাষায় কথা বলছিল। আর মানচিনিও ইতালিয়ান ভাষায় গালি দিচ্ছিলেন। সত্যিই অবস্থা ছিল ভয়াবহ। আমি বসেই ছিলাম। তখনো উনি আমাকে দেখেননি, এরপর ঘুরে দাঁড়িয়ে আমার দিকে নজর পড়ার পর কী হলো, তা তো আপনারা বুঝতেই পারছেন। উনি একটা ঝগড়ার মাঝখানে ছিলেন, ওই রাগান্বিত অবস্থায়ই আমাকে গা গরম করতে বললেন। আমার সঙ্গে এমন আচরণ করলেন, যেন আমি একটা কুকুর। ওই রকম স্বরে আমার সঙ্গে কথা বলায় আমিও বলে দিলাম, “না, আমি নামব না।” আমি খেলতে রাজিই ছিলাম। কিন্তু জেকোর সঙ্গে ঝগড়ার কারণে কোচের মেজাজ খুবই গরম ছিল। এরপর উনি আমাকেও গালাগাল শুরু করলেন। উনিই সব করেছেন, আমি মাথা ঠান্ডাই রেখেছি... মানচিনি আমাকে জঘন্য কিছু কথা বলেছেন।’এটাই যদি হয় আসল ঘটনা, তাহলে পরিস্থিতির জন্য মূলত দায়ী তো মানচিনিই। অথচ তেভেজ এখন সিটি সমর্থকদের কাছে রীতিমতো ভিলেন। ক্ষুব্ধ সমর্থকেরা তাঁর জার্সিও পুড়িয়েছে। এই ঘটনা তাঁর হূদয়ে রক্তরক্ষণ ঘটিয়েছে বলে জানিয়েছেন তেভেজ, ‘আমার ধারণা, সমর্থকদের ভুল তথ্য দেওয়া হয়েছে, আসল ঘটনা তারা জানেই না। তাদের যখন বলা হয়েছে, আমিই খেলতে রাজি হইনি, স্বাভাবিকভাবেই তারা আমার বিপক্ষে চলে গেছে। যখন দেখলাম আমার জার্সি পোড়ানো হচ্ছে, আমাকে অপমান করা হচ্ছে, সত্যিই খুব কষ্ট পেয়েছি। এই ক্লাবের জন্য আমি সবর্স্ব উজাড় করে দিয়েছি, সবকিছুর ওপরে আমি ফুটবল খেলতেই তো সবচেয়ে ভালোবাসি।’তেভেজের এই বক্তব্যের পর পরিস্থিতি আরও ঘোলাটে হবে, নাকি মিটমাট হয়ে যাবে সব, সেটিই এখন দেখার। এএফপি, রয়টার্স।