তেরো বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামুয়েল
স্যামুয়েল

স্যামুয়েলের বয়স মাত্র ১৩ ছুঁয়েছে। দাবার বোর্ডের ‘ওস্তাদ’ এই ছেলেটি এখন স্বপ্ন দেখছে গ্র্যান্ডমাস্টার হওয়ার! হ্যাঁ, গ্র্যান্ডমাস্টার। এই অনন্য খেতাব পেতে স্যামুয়েলের প্রয়োজন আর মাত্র ১৪ পয়েন্ট। তার আশা, একটি প্রতিযোগিতা থেকেই সে তুলে নিতে পারবে গ্র্যান্ডমাস্টার হওয়ার প্রয়োজনীয় রসদ। যুক্তরাষ্ট্রের অধিবাসী এই স্যামুয়েল সবচেয়ে কম বয়সে আমেরিকান মাস্টার হওয়ারও গৌরবের অধিকারী।
গ্র্যান্ডমাস্টার বলতেই চোখে ভেসে ওঠে গ্যারি কাসপারভ, আনাতোলি কারপভ কিংবা বিশ্বনাথন আনন্দের কথা। তবে এঁরা কেউই এত কম বয়সে পাননি দাবার সর্বোচ্চ খেতাব। ১৩ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হলে মার্কিন এই কিশোর হবে দাবার ইতিহাসের অন্যতম কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার। ২০০২ সালে মাত্র ১২ বছর বয়সে দাবার গ্র্যান্ডমাস্টার হওয়ার গৌরব নিজের করে নিয়েছেন ইউক্রেনের সের্গেই কারজাখিন।
১৩ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হলে স্যামুয়েল অবশ্য যুক্তরাষ্ট্রের রেকর্ডটা ভেঙে দেবেন। এর আগে, ১৫ বছর বয়সে এই সম্মান অর্জন করেছিলেন রে রবসন। স্যামুয়েলের বয়স ১৫ হচ্ছে আগামী বছরের ডিসেম্বরে।
২০০৬ সালে মাত্র নয় বছর ১১ মাস ও ২৩ দিন বয়সে যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ দাবা মাস্টার হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাবার মাধ্যমে হাতেখড়ি এই স্যামুয়েলের বাবাও বালক বয়সে ছিলেন একজন সফল দাবাড়ু।
ওয়াশিংটনের ওর্লিংটনে খুব তাড়াতাড়িই শুরু হতে যাচ্ছে একটি রেটিং প্রতিযোগিতা। সবকিছু ঠিক থাকলে এই প্রতিযোগিততেই গ্র্যান্ডমাস্টারটা হয়ে যেতে চায় স্যামুয়েল। এ ব্যাপারে তার নাকি আর তর সইছে না, ‘গ্র্যান্ডমাস্টার হওয়ার অপেক্ষায় আমি। আমি ওর্লিংটনেই প্রযোজনীয় পয়েন্ট তুলে নিতে চাই।’

সকালবেলাটা আর দশটা স্কুলপড়ুয়া ছেলের মতোই স্কুলেই দিনের একটা বড় অংশ কাটে স্যামুয়েলের। স্কুলের সময়টিকে জীবনের অপচয় বলেই মনে করে স্যামুয়েল, ‘স্কুলটা না থাকলে আমি দাবায় আরও ভালো করতে পারতাম।’
গ্র্যান্ডমাস্টার হয়ে যাওয়ার পর স্যামুয়েলের পরের লক্ষ্যটি কী, ‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।’ স্যামুয়েলের সাফ জবাব।
বাবা আর্মেন সেভিয়ান তরুণ বয়সে ছিলেন একজন তুখোড় দাবা খেলোয়াড়। সেই সেভিয়ান নাকি এখন একদমই পারেন না তাঁর ছেলের সঙ্গে। পেশায় বিজ্ঞানী এই সেভিয়ান মূলত আর্মেনিয়ার অধিবাসী। বেশ কয়েক বছর আগে আর্মেনিয়া থেকে যুক্তরাষ্ট্রে এসে নাগরিকত্ব গ্রহণ করেছেন তাঁরা।
সেভিয়ান অবশ্য চান না তাঁর ছেলে দাবা নিয়েই পড়ে থাকুক, ‘আমি ওর অর্জনে খুবই খুশি। গর্বিত। কিন্তু চাই না, সে দাবা নিয়েই পড়ে থাকুক। এতে ওর ছেলেবেলাটা নষ্ট হবে।’ নিজের ছেলেবেলাটা নষ্ট করতে চাননি বলেই প্রতিভা থাকা সত্ত্বেও পেশাদার দাবার জগৎ​ থেকে দূরেই ছিলেন সেভিয়ান।
স্যামুয়েলের কাছে শেষ প্রশ্নটি ছিল তাঁর এই সাফল্যের রহস্য নিয়ে। উত্তরে সে যা বলেছে তাঁর সারাংশ হচ্ছে, ‘অনুশীলন! নিবিড় অনুশীলন!! কঠোর অনুশীলন!!!’
স্যামুয়েলের প্রতি থাকল শুভকামনাই! সূত্র: এএফপি।