তেহরানগামী শ্যুটিং দলে নেই রত্না
সেই ২০০৮ সালে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। প্রায় পাঁচ বছর পর এই প্রথম শারমিন আক্তার রত্না নেই কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে। ১৯-২৫ অক্টোবর তেহরানে অনুষ্ঠেয় ষষ্ঠ এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন এসএ গেমস ও কমনওয়েলথ শ্যুটিংয়ের সোনাজয়ী শ্যুটার।
ফেডারেশনের নতুন বাছাই-প্রক্রিয়ার কারণেই দল থেকে বাদ পড়লেন সর্বশেষ এসএ গেমসে সোনাজয়ী শ্যুটার। ন্যূনতম ৩৯৫ স্কোর বেঁধে দেওয়া হয়েছিল ১০ মিটার এয়ার রাইফেলের চূড়ান্ত বাছাইয়ে। কিন্তু রত্না কাল করেছেন ৩৮৯ পয়েন্ট। ৩৯৫ করে চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন বিকেএসপির শারমিন আক্তার। অথচ মাত্রই এক মাস আগে প্রথম বাছাইয়ে এই রত্নাই করেছিলেন ৩৯৭। কালকের এই চূড়ান্ত বাছাইপ্রক্রিয়া নিয়ে তাই প্রশ্ন উঠছে। এটা মেনে নিতে পারছেন না রত্নাও, ‘এসব নিয়ে কথা বলতে আমি আগ্রহ হারিয়ে ফেলেছি। এই টুর্নামেন্টের জন্য ট্রায়াল নেওয়া হবে সেটা আগে থেকে জানানো হয়নি আমাকে। হুট করে এভাবে ট্রায়ালে এসে ভালো স্কোর করা কঠিন।’
শ্যুটিং অঙ্গনে গুঞ্জন, বরখাস্ত হওয়া কোচ শোয়েবুজ্জামানের পক্ষে কথা বলার কারণেই কৌশলে রত্নাকে বাদ দেওয়া হয়েছে। তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ দাবি করলেন, ‘এটা ঠিক নয়। আমরা একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে যাওয়ার আগে শ্যুটারদের জন্য সেটমার্ক বেঁধে দিয়েছি। এতে যে ভালো করবে তাকেই সুযোগ দেওয়া হবে। আমরা চাই না আন্তর্জাতিক আসরে গিয়ে শ্যুটারদের পারফরম্যান্স খারাপ হোক, দেশের ভাবমূর্তি নষ্ট হোক।’
চাইলে ক্লাব থেকেও এই টুর্নামেন্টে অংশ নেওয়া যায়। সে ক্ষেত্রে শ্যুটারের সব খরচ বহন করতে হবে সংশ্লিষ্ট ক্লাবকে। বাংলাদেশ গেমসে সোনাজয়ী সাদিয়া আক্তার এভাবেই ইরানে যেতে চান। রত্না এভাবে যাবেন না। ছেলেদের এয়ার রাইফেলে ন্যূনতম স্কোর ছিল ৫৯৫, এই লক্ষ্য ছুঁয়ে নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ হেল কাফি।