তেয়ো-রোনালদোর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার হাতের নাগালেই চলে এসেছে লা লিগার শিরোপা। লিগের বাকি ৭ ম্যাচ, বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে রয়েছে ১৩ পয়েন্টে। চার ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করতে বার্সার জয় চাই আর তিনটি। গত পরশু বার্সেলোনা-রিয়াল দুই দলই প্রতিপক্ষের মাঠে জিতল ৩-০ গোলে। রিয়াল আবারও সওয়ার ক্রিস্টিয়ানো রোনালদোয়। আর মেসির অনুপস্থিতিতে আলোটা নিজের দিকে টেনে নিয়েছেন ক্রিস্টিয়ান তেয়ো। নিজ নিজ দলকে জেতাতে দুজনই করেছেন জোড়া গোল।মৌসুমটা দুজনেরই শুরু হয়েছিল দারুণ। ধরতে গেলে চলছিলেন কাঁধ ছুঁয়ে। প্রথম ১০ ম্যাচে রোনালদোর গোল যেখানে ছিল ১০টি, সেখানে মাত্র ২ গোলে এগিয়েছিলেন মেসি। কিন্তু পরের ৫ ম্যাচেই মেসি অনেক পেছনে ফেলে দেন রোনালদোকে। দুজনের ১৫টি করে ম্যাচ শেষে মেসির গোল হয়ে যায় ২২টি, রোনালদোর ১২টি। লিগের শেষ দিকে এসে যেন চিরপ্রতিদ্বন্দ্বীর কাছাকাছি যেতে উঠেপড়ে লেগেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। চোট মেসিকে খেলতে দেয়নি গত দুটি ম্যাচে। এই অবসরে গোলসংখ্যা বাড়িয়ে নিলেন রোনালদো। আগের ম্যাচে লেভান্তের বিপক্ষে ১ গোল করা রোনালদো পরশু ২ গোল করে দলকে জেতালেন অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। লিগে তাঁর গোল হয়ে গেল ৩১টি, সব মিলিয়ে গোলে হাফ সেঞ্চুরি। মেসির গোলসংখ্যা ৪৩, সব মিলিয়ে ৫৭। অনেক দিন ফ্রি-কিকে গোল করতে পারছিলেন না রোনালদো। কিন্তু এ ম্যাচে দ্বিতীয় মিনিটে তাঁর পা ফ্রি-কিকে দেখাল সেই পুরোনো জাদু। পরের গোলটা করেছেন ৬৮ মিনিটে। বিলবাওয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়াতেও রোনালদোরই অবদান, তাঁর পাসেই ৭৬ মিনিটে তৃতীয় গোল করেন গঞ্জালো হিগুয়েইন।পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে খেলা দলের ছয়জনকে বিশ্রাম দিয়েছিলেন টিটো ভিলানোভা। মেসি, ইনিয়েস্তা, বুসকেটস, পিকেরা নামেননি। সিনিয়রদের মধ্যে ছিলেন শুধু জাভি। ফেব্রুয়ারির পর এই প্রথম লা লিগায় শুরু থেকেই খেললেন মাঝমাঠের জাদুকর। তবে তেয়ো-থিয়াগো আলকানতারাদের মতো নবীনরা সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি। থিয়াগো ও তেয়োর দুই গোলে বার্সেলোনা ৩-০ গোলে হারাল রিয়াল জারাগোজাকে। এমন সহজ জয়ের পর সহকারী কোচ জর্ডি রৌরা অবশ্য আলাদাভাবে কারও প্রশংসা করেননি। বরং দলের অতিরিক্ত খেলোয়াড়েরাও তাদের সামর্থ্য প্রমাণ করায় তিনি খুশি, ‘খেলোয়াড়েরা দেখিয়ে দিয়েছে এটা একটা দল। আগের যেকোনো সময়ের চেয়ে তারা আজ দেখিয়েছে, স্কোয়াডে থাকার মতো যোগ্যতা সবার আছে।’ফর্মে ফেরার আভাস দিচ্ছেন রাদামেল ফ্যালকাও। গত ৭ ম্যাচে গোল করেছিলেন মাত্র দুটি। গত ম্যাচে তাঁর জোড়া গোলের কল্যাণে অ্যাটলেটিকো মাদ্রিদ ৫-০ গোল উড়িয়ে দিয়েছে গ্রানাডাকে। এএফপি।