তেয়োময় মেসির ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর তেয়োর উদ্যাপনের সঙ্গী মেসি। পরশু বার্সেলোনা-লেভান্তে ম্যাচ এমন দৃশ্য দেখেছে তিনবার । এএফপি
গোলের পর তেয়োর উদ্যাপনের সঙ্গী মেসি। পরশু বার্সেলোনা-লেভান্তে ম্যাচ এমন দৃশ্য দেখেছে তিনবার । এএফপি

অক্টোবর ১৬, ২০০৪। লা লিগায় এসপানিওল-বার্সেলোনা ম্যাচটা আলাদাভাবে মনে রাখার কোনো কারণ নেই। তার পরও অতীত খুঁড়ে সেই ম্যাচের স্মৃতি থেকে ধুলো সরিয়ে ফেলতে হলো। বার্সেলোনার লিওনেল মেসিকে সেই ম্যাচেই যে প্রথম দেখেছিল ফুটবল-বিশ্ব!
এর পর কেটে গেছে নয় বছরেরও বেশি। সেদিনের ছটফটে মেসি এখন অভিজ্ঞতায় ঋদ্ধ। ‘অভিজ্ঞ’ কথাটার ওপর জোর দিতে হচ্ছে, কারণ ২৬ বছর বয়সেই এমন একটা মাইলফলক ছুঁয়ে ফেলেছেন, যেটা তাঁর আগে ছুঁতে পেরেছেন মাত্র ১০ জন। পরশু বার্সার হয়ে ৪০০তম ম্যাচ খেলে ফেলেছেন মেসি।
লেভান্তের সঙ্গে কোপা ডেল রের ম্যাচে আলোটা ছিল মেসির ওপরেই। উপলক্ষটা স্মরণীয় করে রাখতে কী করবেন মেসি? অনেক দিন মনে রাখার মতো কোনো গোল কি করতে পারবেন? বার্সা ফরোয়ার্ড কিন্তু কোনো গোলই পাননি। তবে হ্যাঁ, একটা উপহার ঠিকই পেয়েছেন। ক্রিস্টিয়ান তেয়ো বার্সেলোনার হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক করেছেন। আর সেটার অর্ধেক কৃতিত্ব মেসি দাবি করতেই পারেন! সবগুলোই গোলই যে এসেছে মেসি-তেয়ো যুগলবন্দীতে! সেই সঙ্গে কোপা ডেল রের সেমিফাইনালেও এক পা দিয়েই রেখেছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ৪-১ গোলে জেতার পর পরের লেগটা তো আনুষ্ঠানিকতামাত্রই।
এই সপ্তাহেই নিজেদের মাঠে বার্সাকে রুখে দিয়েছিল লেভান্তে। সেটা অবশ্য লা লিগায়। পরশু আবার খানিকের জন্য হলেও সেই সম্ভাবনা উঁকি দিয়েছিল। ৩১ মিনিটে নাবিল এল ঝারের গোলে স্বাগতিকেরাই এগিয়ে গিয়েছিল। খানিকটা ভাগ্যগুণেই ৫৩ মিনিটে সমতা ফেরাতে পারে বার্সা। বল ক্লিয়ার করতে গিয়ে লেভান্তে আত্মঘাতী গোল খেয়ে বসে।
মেসি-তেয়ো জাদুর শুরু এরপরেই। আর তিনটি গোলই যেন প্রায় একই ছাঁচে-ঢালা। মাঝমাঠের খানিকটা সামনে থেকে মেসির থ্রু, বাঁ প্রান্ত দিয়ে তেয়োর রক্ষণচেরা দৌড় এবং নিখুঁত ফিনিশিং। তেয়ো পরে কৃতজ্ঞতাও জানিয়েছেন, ‘সে (মেসি) আমাকে তিনবার গোলরক্ষককে একা পাইয়ে দিয়েছে। এ জন্য ওকে ধন্যবাদ দিতেই হবে। দলে এ রকম একজন খেলোয়াড় থাকা আসলেই অসাধারণ।’
চোটের কারণে নেইমার ছিটকে না পড়লে তেয়োর হয়তো মাঠে নামাই হতো না। সুযোগটা পেয়ে এর চেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারতেন না! এএফপি, ওয়েবসাইট।
বার্সায় মেসির ৪০০ ম্যাচ
ম্যাচ গোল অ্যাসিস্ট
লা লিগা ২৫৯ ২২২ ৮৭
কোপা ডেল রে ৪১ ২৮ ১৫
সুপারকোপা ১১ ১০ ২
চ্যাম্পিয়নস লিগ ৮২ ৬৫ ১৭
ইউরোপিয়ান সুপার কাপ ৩ ১ ২
ফিফা ক্লাব বিশ্বকাপ ৪ ৪ ১
মোট ৪০০ ৩৩০ ১২৪