তৈরি জার্মান রবিনহুড!
শেরউডের জঙ্গলে সাঙ্গপাঙ্গদের নিয়ে আস্তানা। হাতে তির-ধনুক। অত্যাচারী শাসকের মৃত্যু পরোয়ানা সব সময়ই থাকত মাথার ওপর। তাতে থোড়াই কেয়ার রবিনহুডের! ধনীর সম্পদ লুট করে গরিবের মধ্যে অকাতরে বিলিয়ে দেন কিংবদন্তি নায়ক। রবিনহুড পুরান না বাস্তবের নায়ক সেই তর্ক এখনো অমীমাংসিত। তবে ক্লাব ফুটবলের ‘রবিনহুড’কে খুঁজে পেয়েছে ইউরোপ। তিনি ইয়ুর্গেন ক্লপ বরুসিয়া ডর্টমুন্ডের কোচ। ক্লপ নিজেও নিজেকে ভাবেন রবিনহুড নামে। এই যুগে যেখানে দেদার টাকা ছড়িয়ে প্রতিভাবানদের কুক্ষিগত করে নিচ্ছে বড় ক্লাবগুলো, যেখানে ফুটবলের ঐতিহ্য নতজানু হয়ে পড়ছে পেট্রোডলারের বিক্রমে, সেখানে বিরুদ্ধ স্রোতে সাঁতরানোর রাস্তাটা তো ক্লপই দেখিয়ে দিচ্ছেন! উদীয়মান কিছু খেলোয়াড়ের সঙ্গে দলীয় আকাঙ্ক্ষাকে পুঁজি করে চমকে দিয়েছিলেন বিশ্বকে, ডর্টমুন্ডকে নিয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। এই মৌসুমে ত্রিমুকুটজয়ী বায়ার্ন যদি হয় জার্মান সাফল্যের অগ্রদূত, তবে তাদের সুযোগ্য সহচর যে ডর্টমুন্ডই, সে নিয়ে কারোরই দ্বিমত থাকার কথা নয়! কিন্তু বায়ার্ন মিউনিখের ‘দৌরাত্ম্যে’ স্বস্তি নেই ক্লপের। গত চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগেই বায়ার্ন কবজা করে ফেলেছিল ডর্টমুন্ডের অন্যতম অস্ত্র মারিও গোটশেকে। হাত বাড়িয়েছে রিয়ালকে লন্ডভন্ড করে দেওয়া রবার্ট লেভানডফস্কির দিকে। তার পরও বায়ার্নকে ভয় পাচ্ছেন না ক্লপ, বরং চ্যালেঞ্জই ছুড়ে দিচ্ছেন পরাক্রমশালী বাভারিয়ান ক্লাবকে। জার্মান দৈনিক ডাই ভেল্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের তির-ধনুক আছে। যদি ঠিকঠাক মতো নিশানা করতে পারি, তাহলে আমরাও লক্ষ্যভেদ করতে পারব। বায়ার্নের একটা বিশাল কামান আছে। এবং সম্ভবত তারা যে নিশানাগুলো স্থির করবে, সেগুলোকে আঘাত করবেই। কিন্তু এটাও মনে রাখতে হবে, রবিনহুডও সাফল্য পেয়েছে।’তবে গোটশেকে হারানোটা যে অপ্রত্যাশিত একটা আঘাত হয়ে এসেছিল, সেটা স্বীকার করেছেন অকপটে, ‘ওয়েম্বলিতে হারার চেয়েও (চ্যাম্পিয়নস লিগ ফাইনালে) সেটা বড় হতাশা ছিল। এপ্রিলের মাঝামাঝি পর্যন্তও সে আমাদের পরিকল্পনায় ছিল। এরপর আমাদের মুখোমুখি হতে হলো তাকে হারানোর বাস্তবতার সঙ্গে।’গোটশে নেই, যাব যাব করছেন লেভানডফস্কি। বায়ার্ন এই মৌসুমেই উঠেপড়ে লেগেছিল ‘লেভা’কে পেতে, কিন্তু ডর্টমুন্ড জানিয়ে দিয়েছে আরও এক মৌসুম অপেক্ষা করতে হবে তাদের। সামনের মৌসুমে তাই এই স্ট্রাইকারকে সব রকমভাবেই কাজে লাগাতে চান ক্লপ। তবে অর্জনের পথটা যে আরও দুর্গম হতে যাচ্ছে সেটা ভালোই জানেন, ‘এটা অবশ্যই কঠিন হবে (বুন্দেসলিগা জেতা), কিন্তু গত লিগে আমরা দুবারই তাদের কাছে হারিনি। আমরা এভাবে ভাবতে পারি, গত মৌসুমে আমরা কিছুই জিতিনি। এবার সেই তাড়নাটা অনেক বেশি।’ নতুন কোচ পেপ গার্দিওলাকে নিয়ে বায়ার্ন এবার আলো ছড়াতে চায় আরও। ব্যাপারটাকে জার্মান ফুটবলের জন্য সুসংবাদই মনে করছেন ক্লপ, ‘গার্দিওলা যেভাবে বার্সেলোনাকে খেলিয়েছিল সেটা ছিল দুর্দান্ত। সে একজন রোল মডেল। মনে হচ্ছে সে নতুন ক্লাবে খাপ খাইয়ে নেবে।’ বায়ার্নকে পেতে অবশ্য খুব বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না রবিনহুডকে। ২৭ জুলাই জার্মান সুপার কাপেই মুখোমুখি দুই দল। নতুন মৌসুমের শুরুটা ভালোই করেছে ডর্টমুন্ড, প্রীতি ম্যাচে জিতেছে ৯-১ গোলে। প্রীতি ম্যাচে বায়ার্নের ১৫-১ গোলে জয়ের জবাবটা একেবারে মন্দ নয়! এএফপি, ওয়েবসাইট।