তোপের মুখে ক্লিন্সমান
আগামীকাল কোস্টারিকার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ। অথচ এর তিন দিন আগে যুক্তরাষ্ট্র শিবিরে অন্তঃকলহের আগুন। কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের সঙ্গে সরাসরি ঝামেলায় জড়িয়ে পড়েছেন খেলোয়াড়েরা। পত্রপত্রিকার খবর, কোচ ক্লিন্সমানের কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা। এমনকি কোস্টারিকার ম্যাচটাই হতে পারে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে ক্লিন্সমানের শেষ ম্যাচ!খেলোয়াড় হিসেবে ১৯৯০ সালে জার্মানিকে জিতিয়েছেন বিশ্বকাপ। ২০০৬ বিশ্বকাপে কোচ হিসেবেও জার্মানিকে তুলেছিলেন সেমিফাইনালে। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের মতো দলের দায়িত্বটা এই জার্মান নিয়েছিলেন চ্যালেঞ্জ হিসেবেই। কিন্তু দুই বছর না যেতেই সেই ক্লিন্সমান নিজ দলের খেলোয়াড়দের কাঠগড়ায়! গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোচের সঙ্গে ঝামেলা বেধেছে ২২ জন ফুটবলারের। ১১ জন জাতীয় দলের, ১১ জন বাইরের। তবে খেলোয়াড়দের কেউই নাম প্রকাশ করতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেছেন, দলের আত্মবিশ্বাসে চিড় ধরেছে এবং ক্লিন্সমানের প্রতি বিশ্বাসও নড়বড়ে। স্পোর্টস নিউজকে এক সূত্র বলেছে, ‘পরিস্থিতি গরম হয়ে উঠেছে। এখন মনে করা হচ্ছে, কোস্টারিকার বিপক্ষে ম্যাচটাই ক্লিন্সমানের শেষ সুযোগ।’খেলোয়াড়দের ক্ষোভটা আসলে দল নিয়ে ক্লিন্সমানের মাত্রাতিরিক্ত কাটাছেঁড়ার কারণেই। এএফপি।