তোপের মুখে পন্টিং-হাসিরা
হতাশায় নুয়ে পড়া নাথান লায়নের একটা বড় ছবি। ওপরে বিশাল অক্ষরে শিরোনাম, ‘তলানিরও সবচেয়ে তলানিতে।’ সিডনির ডেইলি টেলিগ্রাফের মতো অস্ট্রেলিয়ার সব কটি পত্রিকার খেলার পাতায় ছিল এমনই হতাশার চিত্র। অন্যতম শীর্ষ দৈনিক সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, ‘বিশ্ব ক্রিকেটের একসময়ের রাজারা এখন র্যাঙ্কিংয়ের ৮ নম্বর দলকেও হারাতে পারে না।’অস্ট্রেলিয়ান ক্রিকেটের সুদিন অতীত হয়েছে অনেক দিনই হলো। কিছুদিন আগে তো ‘৪৭’ রানে গুটিয়ে যাওয়ার লজ্জাও পেতে হয়েছে। কিন্তু ২৬ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে হার মেনে নিতে পারছে না অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল। ২৪১ রান তাড়ায় জয়টাকে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার জন্য সময়ের ব্যাপার। ৮ উইকেট হাতে নিয়ে একসময় প্রয়োজন দাঁড়ায় ৮২ রান, কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচ হেরে বসল মাত্র ৭ রানে। তাই সংবাদমাধ্যমে চলছে কড়া সমালোচনা। সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার, বিশেষজ্ঞরা ডাক দিয়েছেন পরিবর্তনের।সমালোচনার তীর দুই ‘বুড়ো’ রিকি পন্টিং আর মাইক হাসির দিকেই বেশি। এখন প্রতিটি ইনিংসই যাঁর ক্যারিয়ার বাঁচানোর লড়াই, সেই পন্টিং দ্বিতীয় ইনিংসে করেছেন ১৬ রান। তাঁর আউট দিয়েই শুরু অস্ট্রেলিয়ার বিপর্যয়। শ্রীলঙ্কায় তিন টেস্টে দুটো সেঞ্চুরি ও দুটো নব্বইয়ের পর টানা দুই সিরিজে (৭ ইনিংস) ফিফটি নেই হাসির। এই দুজনকে ‘ধন্যবাদ’ দিয়ে বিদায় জানানোর সময় হয়ে গেছে, এমন অভিমত অনেকের।অ্যালান বোর্ডার সরাসরিই বলে দিয়েছেন, ‘হাসি-পন্টিংয়ের একজনকে ভারত সিরিজের আগে যেতে হবে।’ বরাবরই পন্টিংয়ের পাশে থাকা শেন ওয়ার্নও এবার কিছুটা ধৈর্য হারিয়ে ফেলেছেন, ‘আমি চাই পন্টিং রানে ফিরুক। কিন্তু এভাবে বারবার আউট হতে দেখাটা হতাশাজনক।’তবে হাসি-পন্টিংয়ের স্বস্তি হয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন কোচ মিকি আর্থার, ‘আমি মনে করি, পন্টিংয়ের খেলে যাওয়া উচিত। বক্সিং ডে টেস্টের (ভারতের বিপক্ষে) দল নিয়ে নির্বাচকদের একজন রড মার্শের সঙ্গে ইতিমধ্যেই আমার কথা হয়েছে। আমরা যা ভেবেছি, সেই পরিকল্পনায় পন্টিং ভালোমতোই থাকছে। পন্টিং ও হাসির দলে এখনো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মিডল অর্ডারে ওদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন।’অস্ট্রেলিয়ার ঠিক উল্টো চিত্র তাসমান সাগরের অন্য পারে। অনেক দিন বড় কোনো সুখবর নেই নিউজিল্যান্ড ক্রিকেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় যেন এসেছে একরাশ সুবাতাস হয়ে। টেস্ট জয়ের পর রস টেলর বলেছিলেন, ‘সমর্থকদের জন্য ক্রিসমাসের আগাম উপহার।’ পত্রপত্রিকায় ছিল এরই প্রতিচ্ছবি। দ্য প্রেস লিখেছে, ‘হো হে হোবার্ট, চিয়ার্স ফর ব্ল্যাক ক্যাপস।’ডগ ব্রেসওয়েলের ইনসুইঙ্গারে বোল্ড লায়ন, জয়ের সেই মুহূর্তটির কথা বলেছেন ওপেনার মার্টিন গাপটিল, ‘এমন মুহূর্ত আগে কখনো আসেনি। ডগির (ব্রেসওয়েল) বলে লায়ন বোল্ড হওয়ার পর স্বস্তির অনুভূতিটাই ছিল সবচেয়ে বেশি। মাঠে পাগলের মতো লাফাচ্ছিলাম আমরা। কঠোর পরিশ্রম করেছিলাম, জয়টা আমাদের প্রাপ্য ছিল। রাতে উদ্যাপনটা দারুণ হয়েছে। ২৬ বছর পর জিতলাম অস্ট্রেলিয়ায়, উদ্যাপনের কারণ আছে বৈকি! নিঃসন্দেহে এটা আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত। অনেক দিন স্মৃতিতে থাকবে।’ এএফপি, ওয়েবসাইট।