তোপের মুখে ম্যাচ রেফারি ও বিপিএল সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাতে টেকনিক্যাল কমিটির রায়ে বরিশাল বার্নার্সের সেমিফাইনালে চলে যাওয়া এবং সকালে সংবাদ সম্মেলন করে চিটাগং কিংসের পক্ষ থেকে টেকনিক্যাল কমিটি বাইলজ লঙ্ঘনের অভিযোগ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলনে এসেছিলেন বিপিএলের ম্যাচ রেফারি মাইক প্রক্টর ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। গতকাল গভীর রাতে দীর্ঘক্ষণ ধরে টেকনিক্যাল কমিটি যে সভা করেছে, তাতে উপস্থিতি ছিল এই দুজনেরই। এই দুজনই পদাধিকার বলে টেকনিক্যাল কমিটির সদস্য। তাঁরা নিজেদের অবস্থান পরিষ্কার করতে সাংবাদিকদের সামনে হাজির হয়েছিলেন। কিন্তু অনেক প্রশ্নেরই সদুত্তর পাওয়া যায়নি তাঁদের কাছ থেকে। শেষ পর্যন্ত অবস্থান পরিষ্কার করার এই সংবাদ সম্মেলন শেষ হয় বিস্তর বাগিবতণ্ডা ও হট্টগোলের মধ্য দিয়ে।সংবাদ সম্মেলনে এসেই প্রথমে নিজের অবস্থান পরিষ্কার করা শুরু করেন মাইক প্রক্টর। তিনি বলেন, ‘একেবারে নিরপেক্ষ অবস্থানে থেকেই আমি দায়িত্ব পালন করেছি।’ তিনি আরও বলেন, বাইলজের ভিত্তিতেই চিটাগং কিংসকে টপকে বরিশাল বার্নার্স সেমিফাইনালে চলে এসেছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই বলে তিনি জানান।মাইক প্রক্টর সংবাদ সম্মেলনে পড়ে শোনান, তিন বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়ে গেলে বাইলজে কী কী সমাধান লেখা আছে সেগুলো। তিনি বলেন, ঢাকা গ্ল্যাডিয়েটরস, বরিশাল বার্নার্স ও চিটাগং কিংস—এই তিন দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় ঢাকা গ্ল্যাডিয়েটরসের জয়ের সংখ্যা বেশি। তাই তারা সব ধরনের সমীকরণের বাইরে। কেবল সমীকরণ মেলানো হয় বরিশাল বার্নার্স ও চিটাগং কিংসের মধ্যে। সেখানে নেট রানরেটে চিটাগং কিংসকে পেছনে ফেলেছে বরিশাল বার্নার্স।প্রক্টরের এ কথায়ই আপত্তি ছিল উপস্থিত সাংবাদিকদের। তাঁরা বলেন, বাইলজের ২১.৮ (২) ধারায় বলা হয়েছে, তিন বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়ে গেলে প্রথমে তিন দলের মধ্যকার মুখোমুখি লড়াইয়ে যে বেশি জিতেছে, সে চলে যাবে সেমিফাইনালে। এ ক্ষেত্রে যেখানে বিপিএলে তিনটি দলের (ঢাকা, চিটাগং ও বরিশাল) পয়েন্ট সমান হয়েছে, সেখানে ঢাকাকে হিসেবের বাইরে নিয়ে গিয়ে বাইলজের এ ধারার কি অপপ্রয়োগ করা হলো না?সাংবাদিকদের এই প্রশ্নের নির্দিষ্ট কোনো জবাব না দিয়ে মাইক প্রক্টর বারবার চিটাগং ও বরিশাল—এই দুই দলের বিষয়টি নিয়ে কথা বলতে থাকেন। মোটকথা, এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি মাইক প্রক্টর।সকালেই চিটাগং কিংসের ম্যানেজার নাসির আহমেদ অভিযোগ করেছিলেন। চিটাগং কিংসকে বাদ দিতেই ঢাকা গ্ল্যাডিয়েটরসকে এই হিসেবের বাইরে রাখা হয়েছে। তিন দলের পয়েন্ট সমান হয়ে যাওয়ার পরেও বাইলজের ২১.৮ (২) ধারা বাদ দিয়ে ২১.৮ (১) ধারা নিয়ে মাথা ঘামানো হয়েছে। চিটাগং কিংসের ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে জয়টি পুরোপুরি চেপে যাওয়া হয়েছে।সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত মাইক প্রক্টরকে রক্ষা করতেই এই পর্যায়ে মাইকের সামনে আবির্ভূত হন বিপিএল সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, কাল মিডিয়া সেন্টারে গিয়ে বিপিএল চেয়ারম্যান গাজী আশরাফ হোসেনের ব্যক্তিগত মতামত প্রকাশেই সব বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। গাজী আশরাফ আপনাদের কাছে গিয়ে খুব সম্ভবত ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। এর সঙ্গে টেকনিক্যাল কমিটির কোনো সম্পর্ক নেই। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বাইলজের ২১.৮ (১) ধারাকে ভিত্তি করেই যেহেতু টেকনিক্যাল কমিটির এই সিদ্ধান্ত সেহেতু টেকনিক্যাল কমিটির বৈঠকটি শেষ হতে এত সময় লাগল কেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক চিন্তাভাবনা করে, বিভিন্ন রেফারেন্স টেনে এ সিদ্ধান্তে আসতে হয়েছে। তাই এই দেরি।বিপিএল চেয়ারম্যানের কথাকেই যেহেতু এ বিভ্রান্তি (সিরাজউদ্দিন আলমগীরের ভাষায়), তাই এই ব্যর্থতার দায় নিয়ে তাঁর পদত্যাগ করার উচিত কিংবা তাঁর এই পদ আঁকড়ে ধরে রাখার কোনো নৈতিক অধিকার আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলে, ‘এটি লিপু ভাইয়ের (গাজী আশরাফ হোসেন) ব্যক্তিগত ব্যাপার। তিনি পদত্যাগ করবেন কি করবেন না, এটা তাঁর ব্যাপার।’চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির মালিক সামির কাদির চৌধুরী পুরো বিপিএলকেই একটি জুয়ার আসর হিসেবে অভিহিত করার প্রশ্নও ছুটে গিয়েছিল বিপিএল সচিবের কাছে। এটিকেও তিনি সামির কাদির চৌধুরীর ব্যক্তিগত মতামত বলে মন্তব্য করেন। সামির কাদির চৌধুরীর কাছে ক্রিকেট জুয়াড়িদের টেলিফোনের প্রস্তাব ও এ ব্যাপারে তাঁর লিখিত অভিযোগের ব্যাপারটি অস্বীকার করেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি সাংবাদিকদের কাছে এ-সংক্রান্ত কাগজ বা দালিলিক প্রমাণ দেখতে চান। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকেরা এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বিষয়ে তাঁদের কাছে কোনো দালিলিক প্রমাণ আশা করা বাতুলতার শামিল। এ সময়ই উত্তপ্ত হয়ে ওঠে সংবাদ সম্মেলনকক্ষ। সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ও মাইক প্রক্টর এ সময় তাড়াহুড়া করে সম্মেলনকক্ষ ত্যাগ করেন।