বড় ভাই কোলো তোরের সঙ্গে একই দলে খেলবেন বলে বার্সেলোনার মতো একটা দলকে ছেড়ে এসেছিলেন। অথচ বার্সার হয়ে তিন মৌসুমে কী জেতেননি! সাফল্য মনে হচ্ছে ম্যানচেস্টার সিটিতেও ধরা দিতে চলেছে তাঁর হাতে। কাল ইয়া তোরের জোড়া গোলেই নিউক্যাসলের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি সিটি জিতেছে ২-০ ব্যবধানে। ৪৪ বছর পর ইংলিশ লিগের শিরোপা জয় একরকম নিশ্চিত করে ফেলেছে সিটি। ১৩ মে নিজেদের মাঠে পয়েন্ট তালিকার ১৭ নম্বরের দল কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে কোনো অঘটনের শিকার না হলেই হয়।বড় আশা নিয়ে এই ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন অ্যালেক্স ফার্গুসন। আগের ম্যাচে চেলসিকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়ে নিউক্যাসল ম্যানইউ কোচের সেই আশাটা আরও বড় করে দিয়েছিল। কিন্তু তোরের দারুণ দুটি গোল সেই আশার সমাধি দিয়ে দিয়েছে। ড্র হলেও শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ার শঙ্কা—এমনই চাপে থাকা সিটিকে আইভরিয়ান মিডফিল্ডার প্রথম গোলটি এনে দিয়েছেন ৭০ মিনিটে, দারুণ বাঁকানো শটে। ৮৯ মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে দ্বিতীয় গোল নিশ্চিত করেছে জয়। এদিকে সোয়ানসি সিটিকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী লড়াইটাকে শেষ দিনে নিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে পল স্কোলস ও অ্যাশলি ইয়াংয়ের দুই গোলেই জিতেছে ২০তম লিগ জয়ের দৌড়ে থাকা ম্যানইউ। শেষ রাউন্ডে নগর প্রতিদ্বন্দ্বী সিটি পা হড়কালে আর নিজেরা জিতলে তবেই চ্যাম্পিয়ন হবে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। মজার ব্যাপার হলো, ১৯৬৮ সালে সিটি সর্বশেষ যেবার চ্যাম্পিয়ন হয়েছিল, সেবারও তাদের শিরোপা নিশ্চিত হয়েছে নিউক্যাসলের বিপক্ষে ৪-৩ গোলের জয়ে। এবার নিশ্চিত এখনো হয়নি। তবে কাল শেষ বাঁশি বাজার পর যেভাবে সিটি সমর্থকেরা উৎসব করেছে, মনে হচ্ছিল, এ যেন ১৩ মের মহড়া! ওই দিনই ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিন। আর শেষ দিনেই তো শিরোপা জয়ের বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতবে ম্যানচেস্টার সিটি। এএফপি।