তোরের রসিকতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে কথাটা রসিকতা করেই বলেছিলেন? ইয়াইয়া তোরে এখন সে রকম দাবিই করছেন। ঘটনাটা গত মে মাসের। ম্যানচেস্টার সিটি মিডফিল্ডারের এজেন্ট দিমিত্রি সেলুক দাবি করলেন, তোরে ক্লাব ছেড়ে দিতে পারেন। কারণটা অর্থকড়ি-সংক্রান্ত কিছু নয়। তোরেকে নাকি সিটিতে ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। সেলুকের দাবি, তোরের জন্মদিনে ম্যানচেস্টার সিটি শুভেচ্ছা জানায়নি। এমনকি একটা কেকও পাঠায়নি। পরে তোরে টুইট করে জানিয়েছিলেন, সেলুকের কথাই তাঁর কথা। পরে অবশ্য ঘটনাটা ধামাচাপা পড়ে যায়। তোরেও তো সিটিতেই থেকে গেছেন। পরশু আবার দাবি করলেন, সেলুকের কথাটা ছিল রসিকতা। কেক না পাঠানো নিয়ে মোটেই রাগ-টাগ করেননি। তোরের কথা, সন্তানদের জন্মদিনই ঠিকঠাক মনে থাকে না। সেখানে নিজের জন্মদিন নিয়ে কোনো মাথাব্যথা নেই। কোনটা যে রসিকতা আর কোনটা যে না, কে জানে! গোলডটকম।