তোরের রাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চারবার পুরস্কার জিতেছেন। ইয়াইয়া তোরে বোধ হয় ভেবেছিলেন আফ্রিকার বর্ষসেরার পুরস্কারটা তাঁর সম্পত্তিই হয়ে গেছে। কিন্তু পঞ্চমবার এসে সেটি হাত ফসকে গেল। সেটি পেয়েছেন ডর্টমুন্ডের গ্যাবানিজ স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াং। আর তাতে তোরের সে কী রাগ! ম্যান সিটির আইভরিয়ান মিডফিল্ডারের কথা, তাঁর এই বঞ্চনা পুরো আফ্রিকারই অপমান। তোরের ‘অভিমান’ করার অভ্যাসটা অবশ্য পুরোনো। এর আগে জন্মদিনে সিটি কেক পাঠায়নি বলে রেগেমেগে ক্লাব ছাড়ার হুমকিও দিয়েছিলেন। তবে এবার তোরের রাগটা ভিন্নমাত্রার। গত বছর আফ্রিকান নেশনস কাপের শিরোপা এনে দিয়েছিলেন দেশকে। ট্রফিটা তাঁরই প্রাপ্য বলে ধরে নিয়েছিলেন। তাঁর দৃষ্টিতে দেশের হয়ে অর্জনের চেয়ে ক্লাবের প্রাপ্তিকেই বড় করে দেখা হয়েছে। ক্ষোভটা তাই চেপে রাখতে পারেননি তোরে। এমনকি ভোটপ্রক্রিয়ায় কারচুপিরও অভিযোগ তুলেছেন। এএফপি।