তোরেস এবং জাপানি কার্টুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়লেন ফার্নান্দো তোরেস। এই স্প্যানিশ স্ট্রাইকার ফুটবল খেলা শুরু করেছিলেন ‘ক্যাপ্টেন সুবাসা’ নামের এক জাপানি কার্টুন দেখে! স্পেনে অবশ্য অলিভার ও বেঞ্জি নামে পরিচিত ছিল কার্টুনটি। সেখানে দুই কার্টুন চরিত্র খেলা শুরু করে যুবদলে, এরপর বিশ্বকাপ জয়ের পর পাড়ি জমায় বার্সেলোনায়। পরের ঠিকানা বায়ার্ন মিউনিখ। তোরেসের স্মৃতিচারণা, ‘আমি কার্টুনটা দেখেই ফুটবল খেলা শুরু করেছিলাম।’আগামীকাল ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে মেক্সিকোর মনতেরেইয়ের বিপক্ষে মাঠে নামছে চেলসি। এই শিরোপাটা জিতলে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার ক্ষতে হয়তো কিছুটা প্রলেপ দিতে পারবে ইংলিশ পরাশক্তি। তবে চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতা কিছুতেই ভুলতে পারছেন না চেলসি স্ট্রাইকার তোরেস। সেটি তাঁর কথায় ভালোই বোঝা যাচ্ছে, ‘এটা (ক্লাব বিশ্বকাপ) জিতলে চ্যাম্পিয়নস লিগের ঘটনা শোধবোধ হয়ে যায় না। দুটো একেবারেই আলাদা।’” অনেকেই মনে করেন, এই মহাদেশীয় প্রতিযোগিতা খুব বড় কিছু নয়। তোরেস অবশ্য এটিকে বড় করেই দেখছেন, ‘ইউরোপে হয়তো আমরা ক্লাব চ্যাম্পিয়নশিপকে অতটা আমলে নিই না। কারও কারও কাছে এটা হয়তো তেমন কিছু নয়। কিন্তু আমি এটিকে বড় করেই দেখছি। এটা ছুটি কাটানো বা অবসরযাপন নয়। এটা একটা বিশ্বকাপ। এখানে খেলতে পারাটা দারুণ ব্যাপার। আপনি বলতে পারবেন আপনি বিশ্ব চ্যাম্পিয়ন।’ চেলসি কোচ রাফায়েল বেনিতেজও কণ্ঠ মিলিয়েছেন শিষ্যের সঙ্গে। তাঁর কথা, ‘এটা বড় প্রতিযোগিতা। যত বেশি সম্ভব ট্রফিই আমরা জিততে চাই।’ এএফপি।