তোরেস নাকি অশ্বডিম্ব!
৫ কোটি পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা। এতগুলো টাকার বিনিময়ে চেলসি কী কিনেছে জানেন? একটা ‘অশ্বডিম্ব’! নিন্দুকেরা তা-ই বলছে। ফার্নান্দো তোরেস যে নয়টি ম্যাচ খেলেও একটা গোলের দেখাও পেলেন না!নতুন ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড গড়ে মধ্যবর্তী দলবদলে লিভারপুল থেকে চেলসিতে চলে আসেন তোরেস। ফুটবল ইতিহাসেই তাঁর ৫ কোটি পাউন্ডের ট্রান্সফারটি চতুর্থ সর্বোচ্চ রেকর্ড। কিন্তু চেলসিতে আসার পর লিগে ছয়টি আর চ্যাম্পিয়নস লিগে ৩টি ম্যাচ খেলেও কোনো গোল পাননি স্প্যানিশ স্ট্রাইকার।কার্লো আনচেলত্তির ধৈর্যচ্যুতি ঘটেছে। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচে ম্যানইউর কাছে হেরে যাওয়ার পর পরিবর্তনের কথাই ভাবছেন চেলসি কোচ। তোরেসকে বাদ দেওয়া হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘কেন নয়? আক্রমণভাগের জায়গাটিতে খেলতে অনেকেই ব্যাকুল। একাদশে কে খেলবে না-খেলবে, সেটি তো দেখব আমিই।’শোনা যাচ্ছে, গুচ্ছের টাকা ঢেলেছেন বলেই নাকি ক্লাব মালিক রোমান আব্রামোভিচ চান তোরেসকে খেলানো হোক। তবে আনচেলত্তি বলছেন, ‘রোমান নির্বোধ নন। এ ধরনের কথা তিনি কখনোই আমাকে বলেননি। একজন খেলোয়াড় যত টাকা আয় করে সেটি দিয়ে তাকে বিবেচনা করা হয় না। বিবেচনা করা হয় মাঠে তার পারফরম্যান্স দিয়ে।’এমন নয় চেলসিতে আসার পরই হুট করে ফর্ম হারিয়ে ফেলেছেন তোরেস। রোগটা তাঁর পুরোনোই। মৌসুমের শুরু থেকেই ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। লিভারপুলের হয়ে ২৬ ম্যাচে মাত্র ৯ গোল করেছেন। ক্লাব ফুটবলে তাঁর সর্বশেষ গোলটিও আড়াই মাস আগের। তোরেসের নিকট ভবিষ্যৎ তাই অন্ধকার। শোনা যাচ্ছে আনচেলত্তির ভবিষ্যৎও নাকি তা-ই। লিগ শিরোপা জেতার সমীকরণ কঠিন হয়ে গেছে। তবে আব্রামোভিচের সাধের চ্যাম্পিয়নস লিগ ট্রফিটা জেতাতে পারলে সাত খুন মাফ হয়ে যাবে। কিন্তু সেখানেও প্রথম লেগে নিজেদের মাঠে ম্যানইউর কাছে ১-০ গোলের হার। ইতালিয়ান কোচের বিদায়ঘণ্টাই নাকি বাজছে। আনচেলত্তি অবশ্য দাবি করলেন, ‘আমি চ্যাম্পিয়নস লিগ জিতলাম কি না, সেটির ওপর মোটেও আমার ভবিষ্যৎ নির্ভর করছে না।’ ওয়েবসাইট, এএফপি।