তোরেস: ‘আমি গোল করা ভুলিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল করা যেন ভুলেই গেছেন ফার্নান্দো তোরেস। ৫০ মিলিয়ন পাউন্ডে অনেক আশা নিয়ে লিভারপুল থেকে স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে এসেছিলেন এই স্প্যানিশ স্ট্রাইকার। কিন্তু ১৮ ম্যাচে যাঁর গোলের সংখ্যা মাত্র এক, তাঁকে ব্যর্থ বলতে কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। বিশ্বকাপে স্পেনের বিজয়েও রাখতে পারেননি তেমন কোনো অবদান। ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের সেই দুরন্ত গোল স্কোরার তোরেস যেন ছায়া হয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকায়। প্রতিটি ম্যাচেই অনেক আশা নিয়ে মাঠে নামাতেন কোচ, ব্যর্থতার বোঝা কমাতেই যেন তুলে নিতেন তাঁকে।ইউরোপীয় দলগুলো এখন নতুন মৌসুম শুরুর দিন গুনছে। বিভিন্ন জায়গায় চলছে তাদের প্রস্তুতি। চেলসিও এই মুহূর্তে হংকংয়ে খেলছে বার্কলেস প্রিমিয়ার লিগ এশিয়া ট্রফিতে। হংকং সফরেও তোরেস অব্যাহত রেখেছেন তাঁর বাজে ফর্ম। তীব্র সমালোচনাটাও তাই চারদিকে চাউর হতে শুরু করেছে। আর ঠিক এমনই একটি সময় তোরেস সবাইকে জানিয়ে দিয়েছেন, তিনি ফুরিয়ে যাননি, গোল করাও তিনি ভোলেননি।‘আমার বয়স মাত্র ২৭। আমি গোল করা ভুলিনি। অচিরেই আমি গোল করা শুর করব।’ তোরেসের মুখে নিজেকে ফিরে পাওয়ার প্রত্যয়।তিনি বলেন, ‘নতুন মৌসুমের আগে আমরা সবাই নিজেদের সেরা ফর্মে ফেরার চেষ্টা করছি। এটা সবাই আমাদের কাছে প্রত্যাশা করে।’নিজের ফর্মকে ‘চলনসই’ হিসেবে বর্ণনা করে তোরেস বলেন, ‘নতুন কোচ এসেছে দলে, আমরা সবাই নতুন পথপরিক্রমার জন্য তৈরি।’এদিকে চেলসির নতুন ম্যানেজার আন্দ্রে ভিয়া বোয়াস বলেছেন, ‘আগামী মৌসুমে আমি তোরেসের ওপর কোনো চাপ রাখতে চাই না। সে নিজের মতো খেলুক। তোরেসকেই গোল করতে হবে—এমন তো কোনো কথা নেই। যে কারও গোলে দল জিতলেই খুশি।’ভিয়া বোয়াসের কথায় তোরেস খুশি হলেও হতে পারেন! ওয়েবসাইট।