তোরেসও গোল করতে জানেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবর থেকে মার্চ। দীর্ঘ পাঁচ-পাঁচটি মাস। টানা ২৪টি ম্যাচ। ফার্নান্দো তোরেস জানেন এই দীর্ঘ সময় কেমন কেটেছে তাঁর। হূদয়সিন্দুক খুলে দেখানোর উপায় নেই, কত দগদগে ঘা সেখানে। কত বিনিদ্র রাত, কত নীরব অশ্রুপাত; কেউ রাখেনি সেই হিসাব। অবশেষে দীর্ঘ খরা শেষে রুক্ষ ভূমিতে বর্ষণের আনন্দ। ২৫তম ম্যাচে এসে গোলের দেখা পেলেন তোরেস। ভাসলেন জোড়া গোলের আনন্দে।পরশু তাঁর জোড়া গোলে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিস্টার সিটিকে ৫-২-এ ধরাশায়ী করেছে চেলসি। উঠে গেছে সেমিফাইনালে। শেষ চারে উঠেছে তোরেসের সাবেক দল লিভারপুলও। স্টোক সিটিকে ২-১ গোলে হারিয়ে আবারও ওয়েম্বলিতে ফিরল গত মাসে লিগ কাপ জেতা লাল বাহিনী। গোল দুটি করেছেন লুইস সুয়ারেজ আর স্টুয়ার্ট ডাউনিং।পরশু আরও ছয়জন গোলদাতা আছেন। কিন্তু সবাইকে ছাপিয়ে আলোচনায় তোরেসই। গত মৌসুমের মাঝামাঝি ৫ কোটি পাউন্ড (৬৫০ কোটি টাকা প্রায়) খরচ করে স্প্যানিশ স্ট্রাইকারকে লিভারপুল থেকে কিনে আনে চেলসি। ‘সাদা হাতি’ হয়ে ওঠার ইঙ্গিত ওই মৌসুমেই দিয়েছিলেন তোরেস, ১৮ ম্যাচে মাত্র ১ গোল করে! তখন ভাবা হয়েছিল মানিয়ে নিতে হয়তো সময় লাগবে। কিন্তু এই মৌসুমে ৩৩ ম্যাচে মাত্র ৪ গোল করে প্রশ্নবোধক চিহ্নটা আরও বড়ই করেছেন। গোলখরা নিয়ে ঘরে-বাইরে নানা সমালোচনা। তোরেসের জোড়া গোল কি সেই খরা ঘোচানোরই ইঙ্গিত? ২৭ বছর বয়সী তোরেসের আশা তেমনটাই, ‘আমার আসলে গোল দুটোর খুব দরকার ছিল। আমি আসলে ভালোই খেলছিলাম। কেবল গোলের দেখা পাচ্ছিলাম না।’২০০৭-০৮ মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লিভারপুলে ভেড়েন। প্রথম মৌসুমেই ৪৬ ম্যাচে ৩৩ গোল! কিন্তু প্রভাতের সূর্য সব সময় সঠিক পূর্বাভাস দেয় না। সেটাই বোঝা গেল তোরেসের ক্রমেই নিচের দিকে নামতে থাকা পারফরম্যান্স-রেখায়। ২০১০-১১ মৌসুমে লিভারপুলের হয়ে ২৬ ম্যাচে করেছিলেন মাত্র ৯ গোল। এর পরই ঠিকানা বদল। কিন্তু বদলায়নি গোলভাগ্য।তবে এখন মনে হচ্ছে, ভারপ্রাপ্ত কোচ রবার্তো ডি মাত্তেও শুধু চেলসি নয়, সৌভাগ্য বয়ে এনেছেন তোরেসের জন্যও। শুরু থেকেই এই স্ট্রাইকারের পাশে থাকা ইতালিয়ান কোচ আবারও বললেন, ‘পুরো দল আর সমর্থকেরা ওর ওপর খুশি। কারণ সে দলের জন্য কঠোর পরিশ্রম করেছে। সে দল-অন্তঃপ্রাণ এক খেলোয়াড়। জীবনে কঠোর পরিশ্রম করলে তার ফল আপনি পাবেনই।’ এএফপি, রয়টার্স।