তোরেসকে নিয়ে এখনো আশা স্পেনের
এবারের বিশ্বকাপে অনেকেরই দৃষ্টি ছিল স্পেনের তারকা স্ট্রাইকার ফার্নান্দো তোরেসের দিকে। লিভারপুলের হয়ে অসাধারণ একটা মৌসুম কাটানোর পর সেই প্রত্যাশাটা আরও বেড়ে গিয়েছিল। এই মৌসুমে লিভারপুলের জার্সি গায়ে ৩২ ম্যাচে ২৭টি গোল করেছেন এই স্প্যানিশ তারকা। কিন্তু স্পেনের জার্সি গায়ে কেন যেন নিষ্প্রভ হয়ে পড়েছেন এই তারকা। পাঁচটি ম্যাচে এখনো একটিও গোল পাননি। এখন তোরেসের দিকে নয়, সবার দৃষ্টি ঘুরে গেছে ডেভিড ভিয়ার দিকে। পাঁচটি গোল করে এখনো তালিকায় শীর্ষে আছেন ভিয়া। অনেকেই তোরেসকে নিয়ে হতাশ হয়ে পরলেও হাল ছাড়েননি স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। বস্ক বলেছেন, ‘তোরেসের খেলা, তাঁর মনোভাব নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। আশা করি, সামনের ম্যাচগুলোতেই নিজেকে চেনাতে পারবে সে।প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে স্পেন এখন শক্তিমান জার্মানির প্রতীক্ষায়। ২০০৮ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই তোরেসের গোলেই জার্মানিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। তাই এবার প্রতিশোধের নেশায় মরিয়া হয়েই মাঠে নামবে জার্মানি। আর এটা বেশ ভালোমতোই বুঝতে পারছেন স্পেনের অধিনায়ক ইকার ক্যাসিয়াস। ক্যাসিয়াস বলেছেন, ‘ইংল্যান্ডকে ৪-১ গোলে আর আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়ে জার্মানি তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়েই মাঠে নামা উচিত আমাদের।’ এবারও জার্মানির বিপক্ষেই নিজেকে খুঁজে পাবেন তোরেস—এমন আশাতেই আছে স্পেন-শিবির।