তোরেসকে নিয়ে চিন্তিত লিভারপুল
ওয়েইন রুনির ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। এখন নতুন ঠিকানা কোথায় হতে যাচ্ছে এই ইংলিশ স্ট্রাইকারের—তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। কিন্তু রুনির এ সিদ্ধান্তের ফলে তোরেসকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেছে লিভারপুল। না, রুনির মতো তোরেসও লিভারপুল ছাড়ার পরিকল্পনা করছেন না। রুনির জায়গা পূরণ করতে ম্যান ইউ তোরেসের দিকে হাত বাড়াতে পারে বলে মনে করছেন লিভারপুলের কোচ রয় হজসন। আর সে রকম কিছু হলে হা-হুতাশ করা ছাড়া আর কিছুই করার থাকবে না তাদের।২০০৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর ৮৬ ম্যাচে ৫৭টি গোল করেছেন ফার্নান্দো তোরেস। লিভারপুল আক্রমণভাগের একজন অপরিহার্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে বেশ কিছুদিন ধরেই ইনজুরি আর ফর্মহীনতায় সময়টা ভালো যাচ্ছে না এই স্প্যানিশ স্ট্রাইকারের। কিন্তু আবারও তোরেসের সেরাটা বের করে আনার প্রত্যাশায় ম্যান ইউ কোচ অ্যালেক্স ফার্গুসন তাঁকে দলে টানার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা লিভারপুল কোচ হজসনের। তিনি বলেছেন, ‘যখন রুনির মতো একজন সেরা খেলোয়াড় তাঁর ক্লাব ছাড়তে চাইছে, তখন এটা অনেকটাই নিশ্চিত যে ম্যান ইউ রুনির জায়গা পূরণের জন্য শুধু তোরেসই নয়, সারা দুনিয়ার অনেক তারকা স্ট্রাইকারের দিকেই হাত বাড়াবে।’তবে তোরেসের মতো গুরুত্বপূর্ণ স্ট্রাইকারকে কোনোভাবেই হারাতে চান না হজসন। তোরেসকে লিভারপুলে রাখার জন্য তাঁর সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।—সকারনেট