তোরেসকে নিয়ে লড়াই
ফার্নান্দো তোরেসকে নিয়ে যেন ‘ইগোর লড়াই’ শুরু করে দিয়েছে চেলসি। এই স্প্যানিয়ার্ড স্ট্রাইকারকে বিক্রি করা হবে না—লিভারপুল এমন স্পষ্ট বার্তা দেওয়ার পরও থেমে নেই স্টামফোর্ড ব্রিজের দলটি। কয়েক দিন আগে তোরেসের জন্য চেলসি লিভারপুলকে ব্রিটিশ রেকর্ড প্রায় সাড়ে ৩ কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছিল। সেটা নাকচ হয়ে যাওয়ার পর অ্যানফিল্ডে নতুন প্রস্তাব পাঠিয়েছে তারা। ট্রান্সফার ফির নতুন প্রস্তাবটি ৪২.৫ মিলিয়ন পাউন্ডের! শুধু তা-ই নয়—সঙ্গে স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজকেও দেবে তারা!তবে এত টাকার প্রস্তাব পেয়ে লিভারপুল খুশি তো নয়ই, উল্টো চেলসির ওপর খেপে গেছে। এটি প্রত্যাখ্যান করার পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাঠগড়ায় নেওয়ারও হুমকি দিয়েছে লিভারপুল। তাদের দাবি, তোরেসকে পাওয়ার জন্য সরাসরি স্প্যানিশ স্ট্রাইকারের সঙ্গে যোগাযোগ করেছে চেলসি, যেটি ফুটবল আইনের লঙ্ঘন। ২০০৫ সালে আর্সেনালের অ্যাশলি কোলকে এভাবেই দলে টানতে গিয়ে মোটা অঙ্কের জরিমানার সঙ্গে লিগের ৩ পয়েন্ট দণ্ড দিতে হয়েছিল চেলসিকে। ওয়েবসাইট।লিভারপুলের ‘না’ এবং আইনি হুমকি সত্ত্বেও তোরেসকে পাওয়ার আশা ছাড়ছে না চেলসি। ইংলিশ লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে পড়া দলটির নজর এখন এফএ কাপ এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপায়। অথচ পুরোপুরি ফিট নন দলের অন্যতম মূল স্ট্রাইকার আইভরিকোস্টের দিদিয়ের দ্রগবা। এ অবস্থায় তাদের পরিকল্পনায় তোরেসই আক্রমণের মূল অস্ত্র। নাম প্রকাশ না করে ক্লাবের এক সূত্র বলছে, ‘লিভারপুল তোরেসকে বিক্রি করতে চাইছে না। কিন্তু খেলোয়াড়ের থাকা না-থাকার ইচ্ছাটাও তো একটা বড় ব্যাপার।’ তবে দেরিতে হলেও অসুখী খেলোয়াড়ের মনস্তত্ত্ব বুঝতে পেরে লিভারপুলের কোচ কেনি ডালগ্লিস ও মার্কিন মালিক জন ডব্লু হেনরি তোরেসকে ছাড়তে রাজি হয়েছেন বলে খবর। কিন্তু হেঁকেছেন অগ্নিমূল্য। দিতে হবে ৫ কোটি পাউন্ড ও নিকোলাস আনেলকাকে। হ্যাঁ, ঠিক শুনেছেন তরুণ স্ট্রাইকার স্টারিজ নন, ফ্রান্সের অভিজ্ঞ এই স্ট্রাইকারকেই চায় লিভারপুল। চেলসির প্রলোভনেই হোক কিংবা অন্য কোনো কারণে, তোরেসও লিভারপুল ছাড়তে চাইছেন। ক্লাব মালিকদের কাছে চিঠি লিখে স্টামফোর্ডের ক্লাবটিতে যাওয়ার অনুমতি চেয়েছেন। এটি কিন্তু চেলসির একটি জয়। নীল দলটি তোরেসের মনটাকে বিচলিত অন্তত করতে পেরেছে। শীতকালীন দলবদলের শেষ দিন আজ, দেখাই যাক কী হয়!তবে ‘দেখাদেখি করে লাভ নেই’—চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে এমনটাই জানিয়ে দিল টটেনহাম। ক্লাবের স্ট্রাইকার গারেথ বেলকে সান সিরোয় নিতে চেয়েছিল ইতালির সিরি ‘আ’র চ্যাম্পিয়নরা। কিন্তু টটেনহাম কোচ হ্যারি রেডন্যাপ জানিয়ে দিলেন, বেল বিক্রির জন্য নয়, ‘এই মৌসুমে আমরা গারেথ বেলকে বিক্রি করব না। যদিও ব্যাপারটা (ক্লাব) চেয়ারম্যানের ওপর নির্ভর করে। তবে কোনো মূল্যে তাকে বিক্রি করতে দেখলে সেটি হবে খুবই বিস্ময়ের।’