তোরেসেই আস্থা ভিলাস-বোয়াসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্নান্দো তোরেসের খারাপ ফর্মের শুরু লিভারপুলেই। তার পরও ইংলিশ রেকর্ড পাঁচ কোটি পাউন্ডে এই স্প্যানিয়ার্ড স্ট্রাইকারকে নেয় চেলসি। স্টামফোর্ড ব্রিজে এসে তোরেস যেন গোল করাই ভুলে গেছেন। গত মৌসুমে ১৮ ম্যাচে গোল করেছিলেন মাত্র ১টি! সেই খরা অব্যাহত এ মৌসুমেও। এবারের লিগে ১৭ ম্যাচে মাত্র ২ গোল, সব মিলিয়ে ২৪ ম্যাচে ৪ গোল! এই কি পাঁচ কোটি পাউন্ড মূল্যের খেলোয়াড়? তোরেসকে আর মাঠে নামানো উচিত কি না, উঠে গেছে সেই প্রশ্ন।পরশু নরউইচের মতো দলের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর সংবাদ সম্মেলনেও এই প্রশ্ন উঠল। একাধিক সহজ সুযোগ নষ্ট করেছেন তোরেস। কিন্তু চেলসি কোচ তোরেসের পাশেই দাঁড়াচ্ছেন, ‘সে কঠোর পরিশ্রম করছে। তার খেলায় আমরা খুশি। গত সান্ডারল্যান্ড ম্যাচেই তার প্রশংসা করেছে সবাই। এত তাড়াতাড়িই তা ভুলে গিয়ে আমরা ভণ্ডামি করতে পারি না।’ এএফপি।