তোরেসের ইনজুরি ভাবাচ্ছে লিভারপুলকে
হাঁটুর ইনজুরি অনেক দিন ধরেই ভুগাচ্ছে স্প্যানিশ সুপারস্টার ফার্নান্দো তোরেসকে। সেই ইনজুরি কাটিয়ে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে এসেছিলেন তিনি। বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে অসামান্য গৌরবের অধিকারী হলেও মনের গহীনে একটা খচখচানি তাঁর থেকেই যাচ্ছে। বিশ্বকাপের সাতটি ম্যাচের একটিতেও যে গোল পাননি স্পেনের অন্যতম প্রধান এই স্ট্রাইকার। ফাইনালে হল্যান্ডের বিপক্ষে ডেভিড ভিয়ার বদলি হিসেবে খেলতে নেমে একেবারে শেষ মুহূর্তের চোটও সঙ্গী হয়েছে তোরেসের।ফাইনালে পাওয়া চোট ভাবিয়ে তুলেছে তোরেসের ক্লাব লিভারপুলকে। ক্লাবের তরফ থেকে তোরেসের খোঁজখবরও নেওয়া হয়েছে। লিভারপুলের প্রধান চিকিৎসক পিটার ব্রুকনার অবশ্য আশা করছেন, তোরেসের আঘাত তেমন গুরুতর নয়। তবে পর্যবেক্ষণ ছাড়া পরিষ্কার করে এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।এদিকে এ সপ্তাহেই লিভারপুল ক্লাবের একটি মেডিকেল টিম মাদ্রিদে যাচ্ছে তোরেসকে পরীক্ষা করার জন্য।লিভারপুলের জন্য অবশ্য একটি খুশির খবর রয়েছে। সেটা হলো ইনজুরি কাটিয়ে এখন পুরোপুরি ফিট আলবার্তো অ্যাকুইলিনি। গত বছর লিভারপুলে যোগ দিলেও ইনজুরি অ্যাকুইলানির প্রায় পুরো মৌসুমই শেষ করে দিয়েছিল। চিকিৎসক ব্রুকনার জানিয়েছেন, অ্যাকুইলানি তাঁর গোঁড়ালির সমস্যা পুরোপুরিই কাটিয়ে উঠেছে। সে নিয়মিত রানিং করছে। অন্যান্য কঠিন অনুশীলনগুলোতেও তাঁকে যথেষ্টই ফিট মনে হচ্ছে।