তোরেসের গোলে উল্লসিত দেল বস্ক
দীর্ঘদিন ধরেই খুব একটা ভালো ফর্মে ছিলেন না ফার্নান্দো তোরেস। স্পেনের এবারের ইউরো মিশনের চূড়ান্ত দলে জায়গা পাবেন কি না, তা নিয়েও ছিল অনিশ্চয়তা। কিন্তু শেষ পর্যন্ত স্প্যানিশ এই স্ট্রাইকারের ওপর আস্থা রেখেছেন কোচ দেল বস্ক। ২৩ সদস্যের ইউরো দলে অন্তর্ভুক্ত করেছেন তোরেসকে। আর ইউরো কাপ শুরুর মাত্র কয়েক দিন আগে গতকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে একটি গোলও করে কোচের সেই আস্থার প্রতিদান বেশ ভালোমতোই দিয়েছেন চেলসির এই স্ট্রাইকার।গতকাল স্পেনের ৪-১ গোলের জয়ে প্রথম গোলটিই ছিল ফার্নান্দো তোরেসের। ইউরো শুরুর একেবারে আগমুহূর্তে এই গোল পাওয়াটা নিশ্চিতভাবেই অনেক আত্মবিশ্বাসী করে তুলবে তাঁকে। আর স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কও দলের নির্ভরযোগ্য এই স্ট্রাইকারের পারফরমেন্সে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কারণ, ডেভিড ভিয়ার অনুপস্থিতিতে তোরেসের ওপরেই হয়তো বেশ খানিকটা নির্ভর করতে হবে দেল বস্ককে। গতকাল ম্যাচ শেষে তিনি স্পেনের ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে বলেছেন, ‘তোরেস খুবই দ্রুতগতির খেলোয়াড়। আর দলের অন্যদের সঙ্গে সমন্বয়টাও সে খুব চমত্কারভাবে করতে পারে। ম্যাচের প্রথম গোলটা করতে পারায় সে নিশ্চয়ই খুব খুশি হয়েছে। আর এটা আমাদের সবার জন্যই ইতিবাচক।’গতকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটাতেও দেল বস্ক দলে পাননি বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাওয়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে। ইউরোর জন্য ঘোষিত ২৩ সদস্যের চূড়ান্ত দলটিতে সুযোগ না পাওয়া ছয়জন ফুটবলারকে মাঠে নামিয়েছিলেন তিনি। সবার পারফরমেন্সেই বেশ সন্তুষ্ট স্পেনের বিশ্বকাপজয়ী দলের এই কোচ। দলের এই পারফরমেন্স আগামী দিনে স্পেনের শ্রেষ্ঠত্বকে আরও জোড়দার করবে বলেই বিশ্বাস দেল বস্কের। তিনি বলেছেন, ‘সবাই খুব চমত্কার খেলেছে। যদিও অনেকেই জানে যে তারা ইউরোর মূল আসরে থাকতে পারছে না। এটা তাদের প্রস্তুতির জন্যই ভালো ভূমিকার রাখবে। আর ভবিষ্যতে জাতীয় দলে সুযোগ পাওয়ার ভিত্তিটাও জোরদার করতে পারবে।’ ইএসপিএন