তোরেসের চাওয়া বিশ্বকাপ জিতে বদলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্য। একটি মাত্র পরাজয়েই সেটির পতন? সবকিছু শেষ স্পেনের? কখনো নয়। অন্তত ফার্নান্দো তোরেস তা মনে করেন না। এত দূর এসেও ব্রাজিল থেকে খালি হাতে ফিরে যাচ্ছে তাঁর দল। কিন্তু যাওয়ার আগে সতর্কবার্তা শুনিয়ে গেলেন স্প্যানিশ স্ট্রাইকার। এই পরাজয়ের স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াবে তাঁর দল। এক বছর পরেই ব্রাজিলে ফিরে আসবে বিশ্বকাপ জয়ের প্রস্তুতি নিয়ে।মারাকানায় খুঁজে পাওয়া যায়নি গত কয়েক বছরের চেনা স্পেনকে। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে রাজত্ব করেছে ব্রাজিল। সাম্বার ছন্দ আর গতি দিয়ে থামিয়ে দিয়েছে টিকি-টাকার জয়রথ। ফাইনালের পরই তাঁর সতীর্থরা স্বীকার করেছিলেন—দিনটা তাঁদের ছিল না। গতকাল ফিফা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে টুর্নামেন্টের গোল্ডেন বুটজয়ী তোরেসের কণ্ঠেও সতীর্থদের প্রতিধ্বনি, ‘আমরা বুঝতে পারছিলাম না আক্রমণ করব, নাকি রক্ষণ সামলাব। কিছুটা বিশৃঙ্খল হয়ে গিয়েছিলাম।’ আর এই বিশৃঙ্খলার ফলেই লাল কার্ড, পেনাল্টি নষ্ট। এই সবকিছুই স্পেনের বড় পরাজয়ে ভূমিকা রেখেছে বলে মনে করছেন তোরেস, ‘এটা ছিল এমন একটা দিন, যখন শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই আপনার পক্ষে যাবে না।’ এ হারের দায় কিছুটা তোরেসের নিজেরও। আক্রমণভাগে তিনি নিজেও সেদিন নিষপ্রভ ছিলেন। তবে শেষ পর্যন্ত এটাকে একটা পরাজয় হিসেবেই দেখছেন চেলসি স্ট্রাইকার। যে পরাজয় তাদের সতর্ক করে দিয়েছে যে বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে হলে সামনের বছর ব্রাজিলে এ রকম আরও অনেক বড় বাধার মুখোমুখি হতে হবে। দুটি ইউরো আর একটি বিশ্বকাপজয়ী তোরেস অবশ্য আশাবাদী সব বাধা পেরিয়েই চতুর্থ শিরোপাটা জিতবে স্পেন, ‘পরের বছর আমরা ৪ নম্বর শিরোপার জন্যই আসব। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার জন্যই খেলব আমরা।’আর ফাইনালের এই লজ্জাজনক হারের প্রতিশোধ? স্পেনের স্ট্রাইকার জানালেন সুযোগ এলে সেটাও হয়ে যেতে পারে, ‘ফুটবলের মজাই এটা—আপনি সব সময় আরও একটা সুযোগ পাবেন। এক বছর পরে হয়তো আমাদেরও সুযোগ আসবে এই হারের বদলা নেওয়ার।’ এএফপি।