তোরেসের চোখ ক্লাব বিশ্বকাপে
গত মৌসুমে শিরোপা জয়ের স্বাদ পেলেও এবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে চেলসি। ইউরোপীয় ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো শিরোপাজয়ী দল হিসেবে প্রথম পর্ব থেকেই বিদায়ের লজ্জায় পড়ল চেলসি। এই ব্যর্থতা পিছু তাড়া করলেও আপাতত ক্লাব বিশ্বকাপের দিকেই নজর দিতে চান স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। এই প্রতিযোগিতাটি ইউরোপে খুব বেশি জনপ্রিয় না হলেও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিততে পারাটা যথেষ্ট সম্মানজনক বলে মন্তব্য করেছেন এই স্প্যানিশ স্ট্রাইকার।ইউরোপীয় ফুটবল অঙ্গনে খুব বেশি মর্যাদার সঙ্গে বিবেচনা করা হয় না ফিফা ক্লাব বিশ্বকাপ প্রতিযোগিতাকে। তবে এই মুহূর্তে এসব নিয়ে ভাবছেন না চেলসি ফুটবলাররা। ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই বর্তমানে জাপানে অবস্থান করছেন তাঁরা। ইউরোপে খুব বেশি জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও বিশ্বের অন্যান্য জায়গায় এটি যথেষ্ট গুরুত্বের সঙ্গেই বিবেচিত হয় বলে মন্তব্য করেছেন ফার্নান্দো তোরেস। তিনি বলেছেন, ‘এই প্রতিযোগিতাটাকে গুরুত্বের সঙ্গে নেয় না, এমন মানুষ কতজন আছেন? এটা শুধুই ক্লাবগুলোর জন্য। আপনি দক্ষিণ আমেরিকার মানুষদের দিকে দেখেন। ব্রাজিলের ক্লাব কারিন্থিয়ানসের খেলোয়াড়েরা যখন জাপানের উদ্দেশে রওয়ানা দিচ্ছিলেন, তখন বিমানবন্দরে প্রচুর মানুষ তাদের শুভকামনা জানাতে এসেছিল। এটা তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপে হয়তো আমরা ক্লাব বিশ্বকাপের দিকে এত বেশি নজর দিই না। কারও কারও কাছে হয়তো এই শিরোপা তেমন কোনো অর্থ বহনও করে না। কিন্তু আমার কাছে এটা গুরুত্বপূর্ণ। আমরা শুধুই একটা বিরতি বা ছুটি কাটাতে জাপানে আসিনি। এটা একটা বিশ্বকাপ। এখানে খেলাটা দারুণ ব্যাপার। আর হয়তো আমরা নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবেও ঘোষণা দিতে পারব।’১৩ ডিসেম্বর ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মেক্সিকান ক্লাব মন্টেরির মুখোমুখি হবে চেলসি। ইএসপিএন