তোরেসের ফেরা
সেই গতি, সেই পাওয়ার, সেই নিখুঁত ফিনিশিং। বুনো উদ্যাপন নেই। উচ্ছ্বাসের বাড়াবাড়িও নেই। তবে স্বস্তি আর চোখে-মুখে পরিতৃপ্তির ছোঁয়াটা বুঝে নিতে সমস্যা হয় না একটুও। ফিরে এসেছেন সেই ফার্নান্দো তোরেস!সেই তোরেস, অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল ও স্পেনের জার্সি গায়ে যিনি হয়ে উঠেছিলেন প্রতিপক্ষের আতঙ্ক, যাঁর গতির সঙ্গে পাল্লা দিতে হিমশিম খেতে হয়েছে ডিফেন্ডারদের, যাঁর ফিনিশিং নিয়মিতই অসহায় চোখে চেয়ে দেখতে হয়েছে গোলরক্ষকদের। যাঁর দুর্দান্ত এক গোলে ৪৪ বছরের শিরোপা-খরা ঘুচিয়ে স্পেন জিতেছিল ২০০৮ ইউরো। সময়ের চোরাগলিতে হারিয়ে যেতে বসেছিলেন সেই তোরেস। অনেক দিন ধরেই তাঁকে চিনতে হচ্ছিল স্রেফ জার্সি দেখে। ২০১০ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে করতে পারেননি একটিও গোল। লিভারপুল থেকে চেলসিতে এসে যেন আরও অতলে তলিয়ে যেতে থাকলেন।ক্লাব ও জাতীয় দলের একাদশে জায়গা হারালেন। ইউরোতে আসতে পারলেন ভিসেন্তে দেল বস্কের দয়ায়। মৌসুমের শেষ দিকে চেলসিতে চেনা তোরেসের কিছু ঝলক দেখা গেলেও ডেভিড ভিয়ার চোটই তাঁর পক্ষে যায়। অভিজ্ঞ স্ট্রাইকারের সংকট দেখা দেওয়ায় দেল বস্ক একরকম বাধ্য হয়েই দলে নেন তোরেসকে। তবে কোচের আস্থা যে খুব বেশি নেই, সেটা প্রমাণিত হয়ে গেল প্রথম ম্যাচেই। স্পেন মাঠে নামল স্ট্রাইকার ছাড়াই! তোরেসের জায়গায় যাঁকে খেলিয়েছেন, স্পেনকে সমতায় ফেরানো গোলটি ছিল সেই ফ্যাব্রিগাসের পা থেকেই। তার পরও চারদিকে সমালোচনার ঝড়। পরশু তাই ফ্যাব্রিগাসকে সরিয়ে একাদশে তোরেস। ফল এল হাতেনাতেই। পারফরম্যান্স দিয়েই চিরন্তন সেই কথাটা আবার মনে করিয়ে দিলেন ২৮ বছর বয়সী স্ট্রাইকার, ‘ফর্মটা সাময়িক, মান চিরন্তন!’এখন নির্দ্বিধায় ভুলটা স্বীকার করতে পারেন দেল বস্ক, ‘যাঁরা ভেবেছিলেন প্রথম ম্যাচে আমি ভুল করেছিলাম, তাঁরা হয়তো ঠিকই ভেবেছিলেন!’ তোরেসের কিন্তু কোচের ওপর কোনো ক্ষোভ নেই। নিজেকে নিয়ে স্বস্তি আছে, তবে তাঁর ভাবনাজুড়ে শুধুই দল, ‘আজ (পরশু) ভাগ্য ভালো ছিল বলেই হয়তো একাদশে জায়গা পেয়েছি, পরের ম্যাচে ম্যানেজার অন্যকিছু ভাবতে পারেন। আমাদের ধরনটাই এমন, প্রতিভাবান ফুটবলারের অভাব নেই। তবে নিজেদের নিয়ে ভাবার অবকাশ কমই আছে। গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এখনো বাকি, ওটা নিয়েই এখন ভাবছি।’পরশু যা খেললেন, তাতে তোরেসকে নিয়ে কপালের ভাঁজ বাড়ছে প্রতিপক্ষ দলগুলোর। পুরোনো চেহারায় ফিরেছেন একদম ঠিক সময়েই। হয়তো ‘এল নিনো’র ভেলাতে ভেসেই স্বপ্নের ট্রেবল জিতবে স্পেন! এএফপি, ওয়েবসাইট।