তোরেসের বিতর্কিত গোলে জিতল চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে চেলসি। গত রোববার মৌসুমের প্রথম ম্যাচে উইগানের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে শুরু করা চেলসি পরশু ৪-২ গোলে হারিয়েছে এবারই প্রিমিয়ার লিগে ফিরে আসা রিডিংকে। যদিও পরশু ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির জয় নিশ্চিত হয়েছে ফার্নান্দো তোরেসের বিতর্কিত গোলে। টানা দুই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে গত মৌসুমে ষষ্ঠ হয়ে লিগ শেষ করা চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নরা।ম্যাচ শেষে কোচ রবার্তো ডি মাত্তেও স্পষ্টই জানিয়ে দিয়েছেন দলের খেলায় আরও উন্নতি চান তিনি। তবে দলের নতুন তুর্কি ইডেন হ্যাজার্ডের পারফরম্যান্সে শুধু মুগ্ধই হচ্ছেন চেলসির ইতালিয়ান কোচ। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলকে টক্কর দিয়ে ফরাসি ক্লাব লিল থেকে ২০ বছর বয়সী বেলজিয়ান তরুণকে দলে টেনেছে চেলসি। তিন কোটি ২০ লাখ পাউন্ড যে অপাত্রে ঢালা হয়নি, সেটা প্রথম দুই ম্যাচেই বুঝিয়ে দিলেন হ্যাজার্ড। হুয়ান মাতার সঙ্গে তাঁর জুটিটা জমে উঠেছে দারুণ।উইগানের বিপক্ষে প্রথম ম্যাচেও দলকে পেনাল্টি উপহার দিয়েছিলেন হ্যাজার্ড। পরশুও তাঁর এনে দেওয়া পেনাল্টি থেকেই দলকে প্রথম এগিয়ে দেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। কিন্তু ল্যাম্পার্ডের ১৮ মিনিটের এই গোলই যেন জাগিয়ে দেয় রিডিংকে। ২৫ মিনিটে পাভেল পোগ্রেবনিয়াক ও ২৯ মিনিটে ড্যানি গার্থির গোলে ২-১-এ এগিয়ে যায় রিডিং। প্রিমিয়ারশিপে ফিরে আসা দলটি তখন ৮২ বছরের মধ্যে কোনো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন দলের বিপক্ষে লিগে জয়ের স্বপ্নে বিভোর। কিন্তু রিডিংয়ের জয়ের স্বপ্নে জল ঢালেন টিম কাহিল। ৬৯ মিনিটে তাঁর দূরপাল্লার শটে সমতায় ফেরে চেলসি। এর পর তোরেসের ৮১ মিনিটের গোলে চেলসির জয় দেখা। যদিও টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে, অ্যাশলি কোলের বাড়ানো বল ধরার সময় পরিষ্কার অফসাইড ছিলেন তোরেস। কিন্তু রেফারি লি ম্যাসন ও তাঁর সহকারীরা অফসাইড এড়িয়ে গোলের বাঁশিই বাজান। দুর্ভাগ্য রিডিংয়ের! যোগ করা সময়ে রিডিংয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সার্বিয়ান ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচ।জয়ের ধারায় থাকলেও মৌসুমের শুরুতেই ক্লান্তিকর সূচির জটে পড়ে গেছে চেলসি। আগামীকালই আবার তাদের ম্যাচ। প্রতিপক্ষ নিউক্যাসল। টটেনহামের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে যারা শুরু করেছে মৌসুম। এএফপি।