তোরেসের স্বপ্নে কালো ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসল্যান্ডের আগ্নেয়গিরি এখনো জ্বলছে। ছাইয়ের কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। ভেঙে পড়েছে বিমান যোগাযোগ। ফলে বার্সেলোনায় ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করতে যেতে পারছেন না ফার্নান্দো তোরেস। লিভারপুলের এই স্প্যানিশ স্ট্রাইকারের ভাগ্যাকাশেও আজ শঙ্কার কালো মেঘ। তোরেস খেলতে পারবেন তো বিশ্বকাপে?এবার মৌসুমজুড়ে লিভারপুলের সামগ্রিক পারফরম্যান্সের সারাংশ চাইলে খুঁজে পেতে পারেন তোরেসের ওই হাঁটুতে! যেখানে আঘাতের ক্ষত আছে, ক্ষতে আছে বেদনা। কয়েক সপ্তাহ ধরে হাঁটুর চোটটা খুব ভোগাচ্ছে। ফুলহামের বিপক্ষে লিভারপুলের গত ম্যাচে খেলেননি। পরিস্থিতি আসলেই কতটা জটিল ঠিক বুঝে উঠতে পারছেন না লিভারপুলের চিকিৎসকেরা। কোচ রাফায়েল বেনিতেজের আশঙ্কা, তোরেস হয়তো খেলতে পারবেন না বাকি মৌসুমের পুরোটাই।আর স্পেন সমর্থকদের আশঙ্কা, তাদের প্রথম বিশ্বকাপ শিরোপার স্বপ্নপূরণের অন্যতম অস্ত্রটাকে পুরো ফিট অবস্থায় পাওয়া যাবে তো! প্রশ্নটার উত্তর লুকিয়ে আছে বার্সেলোনার সেই চিকিৎসকের কাছে। বেনিতেজ সেটাই বলছিলেন, ‘আমরা ঠিক নিশ্চিত নই এই মৌসুমে ও আর খেলবে কি না। ওর বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে। তিনিই বলতে পারবেন ফার্নান্দোর হাঁটুতে অস্ত্রোপচার লাগবে কি না, আর ঠিক কখন সে খেলায় ফিরতে পারবে।’হাঁটুর চোট সারাতে যদি চিকিৎসকের ছুরির নিচে যেতেই হয়, নিশ্চিতভাবেই এই মৌসুমে তোরেস দর্শক হয়ে গেলেন ক্লাবের জন্য, যেখানে ইউরোপা লিগের শিরোপা আর পরবর্তী চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে প্রাণপাত করছে লিভারপুল। স্পেনের সমর্থকেরা হয়তো বলবে, লিভারপুল গোল্লায় যাক, বিশ্বকাপে তোরেস থাকলেই হলো।এ মুহূর্তে বিশ্বের অন্যতম ভয়ংকর স্ট্রাইকার তিনি। তোরেস ত্রাস ছড়িয়েছিলেন গত বিশ্বকাপেও। দুই ম্যাচে তিন গোল করেছিলেন। সেদিনের ২২ বছর বয়সী তোরেসের চেয়ে আজকের ২৬ বছর বয়সী আরও পরিণত। ‘এল নিনো’ (দ্য কিড) যে বড় হয়েছেন!এল নিনো ডাকনাম পেয়েছিলেন মাত্র ১৭ বছর বয়সেই দাপটের সঙ্গে স্প্যানিশ লিগ শুরু করে। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দ্বিতীয় বিভাগে খেলার সময়ই পত্রপত্রিকায় তাঁকে নিয়ে শোরগোল। রিয়াল মাদ্রিদের প্রতিবেশী ক্লাবটির হয়ে সাত বছর খেলার পর স্প্যানিশ কোচ বেনিতেজের হাত ধরে চলে আসেন ইংলিশ প্রিমিয়ার লিগে। অভিষেক মৌসুমেই লিগে ২৪ গোল করে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে যান। ১৯৯৫-৯৬ মৌসুমে রবি ফাওলারের পর লিভারপুলের প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ২০টির বেশি গোল করেন।শুরুর পূর্বাভাস সত্যি প্রমাণ করে চলেছেন প্রতিনিয়ত। গত ডিসেম্বরেই যেমন লিভারপুলের ইতিহাসে লিগে দ্রুততম সময়ে ৫০ গোল করার রেকর্ড নিজের করে নিয়েছেন। রোনালদো-মেসিদের সঙ্গে তাঁর পার্থক্য, দলে ডেভিড ভিয়ার মতো স্ট্রাইকার থাকার পরও জাতীয় দলেও সমান উজ্জ্বল তিনি। ইউরো ২০০৮-এর ফাইনালে জার্মানির বিপক্ষে জয়সূচক গোলটি তো তাঁরই। যে গোল ৪৪ বছর পর বড় কোনো শিরোপা এনে দিয়েছে ‘লা ফুরিয়া রোজা’দের।যুব পর্যায়েও ইউরোপ-সেরার দুটো ট্রফি জিতেছেন স্পেনের হয়ে। কিন্তু বিশ্বকাপের সঙ্গে এসবের তুলনা চলে না। যদিও সেই বিশ্বকাপ-স্বপ্নে আপাতত আইসল্যান্ডের আগ্নেয়গিরির তাপ! ওয়েবসাইট।