তোরেসের 'সুযোগ'

স্পেনের ৩০ সদস্যের প্রাথমিক দলে আছেন বটে। তবে ফার্নান্দো তোরেস ২৩ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পাবেন কি না নিশ্চিত নয়। তোরেস নিজেও সংশয়ের দোলাচলে দুলছেন। ঠিক এ রকম একটা সময়েই দারুণ এক ‘উপহার’ পেয়ে গেলেন চেলসি স্ট্রাইকার। আগামী শুক্রবার বলিভিয়ার সঙ্গে প্রীতি ম্যাচের জন্য তোরেসকে দলে ডেকেছেন কোচ ভিসেন্তে দেল বস্ক। বিশ্বকাপের দল ঘোষণার আগে তোরেস এটাকে দেখছেন ‘সুযোগ’ এবং ‘অসাধারণ পুরস্কার’ হিসেবে। স্পেনের হয়ে ৩০ বছর বয়সী স্ট্রাইকার সর্বশেষ খেলেছেন গত বছর কনফেডারেশনস কাপে। প্রায় এক বছর পর জাতীয় দলে ডাক পাওয়াটা উজ্জ্বল করছে বিশ্বকাপের আশাও। যদিও চেলসির হয়ে আরও একটা বাজে মৌসুম কাটানো তোরেস নিজেই বলছেন, ব্রাজিলের বিমানের টিকিট পেতে হলে তাঁকে লড়াই করতে হবে। বলিভিয়ার ম্যাচটাকে দেখছেন সেই লড়াইয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার মঞ্চ হিসেবে,‘কনফেডারেশনস কাপের প্রায় এক বছর পর দলে আসতে পেরে আমি আনন্দিত।’ ২৫ মে দল ঘোষণার কথা থাকলেও রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর খেলোয়াড়দের ফিটনেস পরখ করতে স্পেন কোচ তারিখটা পিছিয়ে ৩১ মে করেছেন৷ বিলম্বটা মূলত হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ডিয়েগো কস্তার জন্য! শেষ পর্যন্ত কস্তা সুস্থ না হলে তোরেসের দরজা আরও প্রশস্ত হবে৷ এএফপি।