দারুণ একটি সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটটা কেমন তা দেখালেন তৌফিক উমর। এই প্রতিবেদন লেখার সময় তিনি ১১০ রানে অপরাজিত ছিলেন। ব্যক্তিগত ১০ রানে উমরকে সঙ্গ দিচ্ছেন ইউনুস খান। পাকিস্তানের দলীয় সংগ্রহ ২ উইকেটে ২০২ রান। ক্রিকইনফো সাকিব আল হাসানকে বাংলাদেশের ‘সুপারম্যান’ হিসেবে অভিহিত করেছেন। তাদের বক্তব্য অমূলকতো নয়ই বরং অনেকাংশে সত্যি। কারণ ঢাকা টেস্টকে ইতিমধ্যে ব্যাটে-বলে নিজের করে নিয়েছেন এই বামহাতি। ব্যাট হাতে ১৪৪ রান করার পর তৌফিক উমর ও আজহার আলীর বিপজ্জনক হয়ে ওঠা জুটিটি ভেঙেছেন তিনিই। আজহার আলী আউট হয়েছেন ব্যক্তিগত ৫৭ রানে, সাকিবের বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ধরা পড়ে।সেই কাল বিকেলে মোহাম্মদ হাফিজকে আউট করেছিলেন নাজমুল। এরপর আজ টেস্টের তৃতীয় দিনটিই শুরু হয়েছে আজহার ও তৌফিকের চমত্কার শতাধিক রানের একটি পার্টনারশিপকে সঙ্গী করে। সাকিব ও নাজমুল ছাড়া বাংলাদেশের আর কোনো বোলারই পাকিস্তানি ব্যাটসম্যানরদের হুমকিতে ফেলতে পারেননি। এই হুমকি বলতে উইকেট নেওয়াকে বোঝানো হচ্ছে। তবে রবিউল, মাহমুদউল্লাহ মোটামুটি কৃপণতার পরিচয় দিয়ে চলেছেন। শাহদাতকে ৬ ওভার বল করিয়ে আর ব্যবহারই করা হয়নি। নিজের করা সেই ৬ ওভারে শাহদাত রান দিয়েছেন ৩৭।