তৌহিদুল হাসালেন শেখ জামালকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষ হওয়ার পনেরো মিনিট পর ফ্লাডলাইট বন্ধ হয়ে গেল কমলাপুর স্টেডিয়ামের। যেন এক মৃত্যুপুরী! বোঝার উপায় নেই, একটু আগে এই মাঠেই আনন্দ-বেদনার কাব্য রচিত হয়েছে।এক পাশে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উল্লাস, অন্য পাশে নীরব-নিথর মুক্তিযোদ্ধা-শিবির। রেফারির শেষ বাঁশি বাজার পরপরই মাঠে শুয়ে পড়লেন মুক্তিযোদ্ধার কেউ কেউ। ৮৫ মিনিটে গোল হজম করে ফেডারেশন কাপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ। মুক্তিযোদ্ধার তাঁবুতে কান্নার রোল উঠলেও অবাক হওয়ার ছিল না।পরাজয় অনেক সময়ই বুকে বিঁধে। মুক্তিযোদ্ধাকেও এই পরাজয় ক্ষত-বিক্ষত করেছে। শেখ জামালের তাতে কী আসে যায়? খানিকটা ভাগ্যের পরশ পেয়ে মৌসুমসূচক টুর্নামেন্টের শেষ লড়াইয়ে দাঁড়ানোর সুযোগ পেয়ে তারা তো আনন্দে আত্মহারা!আনন্দটা শেষ পর্যন্ত থাকবে কি না, তার চূড়ান্ত পরীক্ষা ৩০ অক্টোবর। ওই দিন ফেডারেশন কাপের ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ আবাহনী। এই দুই দলেরই ফাইনাল হবে—পূর্বাভাস দিয়েছিলেন আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোর মুসলিমি। তাঁর মতো অনেকেরই বিশ্বাস ছিল, এই দুই দলই খেলবে ফাইনালে। ব্যতিক্রম কিছু না হওয়ায় উপভোগ্য এক ফাইনালই আশা করা যায়।ফাইনালে যেতে না পারা মুক্তিযোদ্ধার জন্য দুর্ভাগ্যই। গোটা পাঁচেক সহজ সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি একটিও। ফাঁকা পোস্টেও বল গেছে বাইরে। উপরন্তু ৫৫ মিনিটে আলমগীর রানার শট লাগল ক্রসবারে। কিছুতেই গোল পেল না মুক্তিযোদ্ধা। শেখ জামাল গোটা দুয়েক সুযোগ পেয়ে একটি কাজে লাগিয়ে তুলে নিয়েছে জয়সূচক গোল।এখানেই মুক্তিযোদ্ধার দীর্ঘশ্বাস আর শেখ জামালের সবার মুখে চওড়া হাসি। এই হাসিটা গোটা দলকে উপহার দিয়েছেন এমন একজন, ৪৮ মিনিটে যিনি শাকিলের বদলি হিসেবে মাঠে নেমেছেন—তৌহিদুল আলম সবুজ। গত এসএ গেমসে ভারতের বিপক্ষে সেমিফাইনালের সেই জয়সূচক গোলদাতা। জাহিদের থ্রো ধরে বক্সে ঢুকেছেন। তার পরও মুহূর্তেই নায়কের আসনে শেখ জামালের এই তরুণ ফুটবলার। ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে গোলবন্ধ্যত্ব ঘুচিয়েই পেলেন সতীর্থদের অভিন্দন-বৃষ্টি।এতক্ষণ আস্থা নিয়ে খেলা মুক্তিযোদ্ধার গোলরক্ষক বিপ্লব তা দেখে কেবল কষ্টই পেলেন। তৌহিদুল বক্সে ঢুকে ১: ১ হয়ে যাওয়ার পর বিপ্লবের বেশি কিছু করার ছিল না। তরুণ স্ট্রাইকারের মাটি কামড়ানো জোরালো শটটা ঠেকাতে ঝাঁপিয়ে পড়লেন। বলের ওপরই ছিল তাঁর শরীর। কিন্তু শরীরের নিচ দিয়ে বল গেল জালে।মাথা নিচু করে বসে থাকা বিপ্লব দেখলেন, ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন তাঁরই বহুদিনের প্রতিদ্বন্দ্বী আমিনুল। শেখ জামাল অধিনায়ক যোগ্য নেতার মতোই দলকে নেতৃত্ব দেওয়ার পুরস্কার পেলেন। অন্তত তিনবার দলকে বাঁচিয়েছেন কঠিন পরিস্থিতিতে। নামের প্রতি সুবিচার করেই এদিন পোস্টের নিচে ছিলেন আমিনুল। গোলরক্ষক ম্যাচসেরার পুরস্কার পেলে বুঝে নিতে হয়, মাঠে কী ঝড়ই না সামলেছেন!এক-দুই পাসেই বল স্ট্রাইকারের কাছে পৌঁছানোর কৌশল বেশ কাজে এল মুক্তিযোদ্ধার। পরে আক্রমণে যোগ দিয়েছেন মিডফিল্ডাররা। কিন্তু পুরো ফিট না হলেও মাঠে নামা নাইজেরিয়ান স্ট্রাইকার বুকোলাকে ৬৫ মিনিটে তুলে নেওয়ার পরই ব্যাকফুটে চলে এল মুক্তিযোদ্ধা। তার আগ পর্যন্ত, বিশেষ করে, প্রথমার্ধে মুক্তিযোদ্ধা ছিল ক্ষুরধার এক দল। গোছানো এবং আক্রমণাত্মক ফুটবল দেখা গেল তাদেরই সৌজন্যে।সবচেয়ে বড় বাজেটের দল শেখ জামাল তখন পর্যন্ত চোখে পড়ার মতো কিছু করতে পারেনি। এমিলিকে একক স্ট্রাইকার হিসেবে রেখে দুই পাশে ছিলেন শাকিল আর জাহিদ। এই দুজন মুক্তিযোদ্ধার রক্ষণ ভাঙার ব্যর্থ চেষ্টা করে গেলেন।ফাইনালের আগে আক্রমণ ভাগ নিয়ে নিশ্চয় নতুন পরিকল্পনা সাজাবেন জোরান কার্লেভিচ। তার আগে কালকের দিনটি এই সার্বিয়ার কোচের জন্য ছিল শুধুই স্বস্তির। জয়-পরাজয় এক পাশে রেখে যেখানে শুধুই ম্যাচের প্রশংসা, ‘দারুণ ম্যাচ হয়েছে। এমন ম্যাচই দেখতে চায় দর্শক।’ সার্বিয়ান কোচ যোগ করেন, ‘মুক্তিযোদ্ধাকে অভিনন্দন, ওরা দুর্দান্ত ফুটবল খেলেছে। আমরা প্রথমার্ধে সুবিধা করতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছি। এমন ম্যাচে ফলই আসল, আমি তাই খুব খুশি।’মুক্তিযোদ্ধা কোচ মারুফুলের চোখেমুখে ছিল রাজ্যের আঁধার, ‘দুর্ভাগ্য আমাদের। অতিরিক্ত গোল মিসই সর্বনাশ করেছে।’ফুটবলের চিরন্তন রীতিই তো এটা।