ত্রাতা সেই টেন্ডুলকার
গলে কাছাকাছি গিয়েও পারেননি। তবে ইতিহাসের সবচেয়ে সফল বোলারটিকে তাঁর টেস্ট ক্রিকেট থেকে বিদায়ে সুন্দর উপহারটি সবচেয়ে সফল ব্যাটসম্যান দিলেন পরের টেস্টেই। না, এখনো শচীন টেন্ডুলকার মুখে বলেননি এই সেঞ্চুরি মুরালিধরনকেই উৎসর্গ করছেন। তবে সেটি ধরে নিলে কী এমন ক্ষতি হয়!মুরালির হিসাব পরে হবে। আপাতত দলের কাছে ‘উপহার’ হিসেবে টেস্ট ক্রিকেটে টেন্ডুলকারের ৪৮তম সেঞ্চুরিটার মাহাত্ম্য অনেক। এই সেঞ্চুরিটাই রানের সাগরে ভাসিয়ে রেখেছে ভারতের তরী। যে রান-সাগরে ভারতকে আগের দিনই ভাসিয়েছিল শ্রীলঙ্কা। পারানাভিতানার সেঞ্চুরির পর কুমার সাঙ্গাকারার ‘ডাবল’ আর মাহেলা জয়াবর্ধনের ১৭৪ শ্রীলঙ্কাকে তুলে দিয়েছিল ৬৪২ রানের উচ্চতায়। শুরুটা ভালো হলেও কাল মাঝারি একটা ধস নেমেছিল ভারতের প্রথম ইনিংসে। সেই ধাক্কা সামলে ভারতকে পথ দেখাচ্ছেন সেই চিরচেনা টেন্ডুলকার।পরশু সাঙ্গাকারা ইনিংস ঘোষণার পর শুরু হয় মুরালি-উত্তর যুগে শ্রীলঙ্কার আসল পরীক্ষা। সেই পরীক্ষায় এখন পর্যন্ত নম্বর যা উঠছে তাতে মুরালির অভাবটাই টের পাওয়া যাচ্ছে বেশি। আশার কথা, ভারতের চার উইকেট ভাগাভাগি করে নিয়েছেন মুরালিরই দুই উত্তরসূরি অজন্তা মেন্ডিস ও সুরাজ রণদিভ।প্রথম আঘাতটা রণদিভের। তাতে এই অভিষিক্ত স্পিনারের চেয়ে বেশি ‘কৃতিত্ব’ শেবাগের। টানা চতুর্থ টেস্টে সেঞ্চুরির একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। চার-ছয় মেরে সেঞ্চুরি ছোঁয়ার অভ্যাসটাই কাল হলো। ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে স্টাম্পড। ৯৯ রানে স্টাম্পিং হয়ে বিরল একটা রেকর্ডের তালিকায় ঢুকে গেছেন। তাতে শেবাগের খুশি হওয়ার প্রশ্নই ওঠে না।ভারতীয় ইনিংসে ধসটা নামে শেবাগের বিদায়ের পর পরই। ভারতের স্কোর যখন ১৬৫ আউট হন তখন শেবাগ। চার রান পর মুরালি বিজয়, আরও ৪ রান পর রাহুল দ্রাবিড়ও আউট হলে স্কোর হয়ে যায় ১৭৩/৩। এই ধাক্কা সামাল দিতে টেন্ডুলকার প্রথমে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে গড়েন ৬৮ রানের জুটি। মেন্ডিসের গুগলির শিকার হয়ে লক্ষ্মণ ফিরলে ভারতের মাথায় পাহাড়সম বোঝা চেপে বসে। র্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি তখন টানা দ্বিতীয় ম্যাচে ফলোঅনের লজ্জার সামনে। সুরেশ রায়নার সঙ্গে ১৪১ রানের অবিচ্ছিন্ন জুটিতে সেই লজ্জা থেকে টেন্ডুলকার প্রায় মুক্তি দিয়েছেন দলকে। যদিও ফলোঅন এড়াতে এখনো ৬১ রান তুলতে হবে। সেটি অসম্ভব মনে হচ্ছে না। বরং শ্রীলঙ্কার বড় লিড পাওয়ার আশা শেষ পর্যন্ত মাটি হয়ে যায় কি না, সেটাই এখন দেখার। ২৯ রানে টেন্ডুলকারের সহজ ক্যাচ ফেলেছিলেন প্রসন্ন। এই দুঃখে শ্রীলঙ্কা আজ কতক্ষণ পুড়বে কে জানে! তথ্যসূত্র: ক্রিকইনফো।