আজ শুরু আইডিয়া কাপের বাকি দুদল যেহেতু বাংলাদেশ ও শ্রীলঙ্কা, ফাইনাল নিশ্চিত বলে ভাবতেই পারে ভারত। আর ফাইনালে গেলে তো শিরোপার আশা করবেই। অথচ একটা সময় ছিল, যখন ‘ফাইনাল’ মানেই ভারতের কাছে আতঙ্ক। ফাইনাল মানেই অবধারিত আরেকটি পরাজয়। গত ১০টি ত্রিদেশীয় সিরিজে যেমন মাত্র দুটির শিরোপা জিতেছে ভারত। এই ১০টি টুর্নামেন্টের আটটির ফাইনালেই উঠেছিল তারা। একটি ফাইনাল বৃষ্টিতে ভেসে গেছে। বাকি পাঁচবারই পরাজয়। বৃষ্টিতে ভেসে যাওয়া ফাইনালটা বাংলাদেশেই। ২০০৩ সালে টিভিএস কাপে। বাংলাদেশে এর পর আরেকটি ত্রিদেশীয় সিরিজ খেলেছে ভারত। ২০০৮ সালে কিটপ্লাই কাপের ফাইনালে ২৫ রানে হেরেছে পাকিস্তানের কাছে। ভারতের দুই সাফল্যের একটি ২০০৭-০৮ সালের সিবি সিরিজে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারানো। অন্য সাফল্যটি গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কমপ্যাক কাপের ফাইনালে স্বাগতিকদের হারানো। সর্বশেষ ১০ সিরিজের খতিয়ান দেওয়া হলো। তার পরও ‘একটা সময়’ লেখা হলো আসলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের কারণে। দুটো ত্রিদেশীয় সিরিজ জয়ই ধোনির নেতৃত্বে। যাঁর হাত ধরে নতুন যুগে প্রবেশ করেছে ভারত। যাদের কাছে ‘ফাইনাল’ মানে আর কোনো ‘জুজু’ নয়।