ত্রিনিদাদে স্যামুয়েলসের রাত
ম্যাচ পাতানোর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর প্রতিজ্ঞা করেছিলেন হারানো সময়টা পুষিয়ে দেওয়ার। গত দুই বছরে ব্যাটে-বলে সেই প্রতিজ্ঞার ছাপ ছিল ক্রিকেটের সব সংস্করণেই। হয়ে উঠেছেন দলের বড় ভরসা। এবার মিলল আনুষ্ঠানিক স্বীকৃতিও। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন মারলন স্যামুয়েলস। একই সঙ্গে পেয়েছেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের স্বীকৃতিও। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন শিবনারায়ণ চন্দরপল, টি-টোয়েন্টি ক্রিকেটার সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও প্লেয়ার্স অ্যাসোসিয়েসনের যৌথ আয়োজনে এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে পোর্ট অব স্পেনে।অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল গত ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বিজয়ী দলকে সম্মাননা। দলের ১৫ ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের আট সদস্যকে দেওয়া হয়েছে সোনার আংটি। সম্মাননা পেয়ে অধিনায়ক ড্যারেন স্যামি ছিলেন উচ্ছ্বসিত, ‘সত্যিকার অর্থেই এটি বিশেষ এক সম্মান, আমরা সবাই যা আজীবন মনে রাখব। যাঁরা এর পরিকল্পনা করেছেন এবং বাস্তবায়ন করেছেন, দলের পক্ষ থেকে তাঁদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’ফাইনালে স্যামির দল হারিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কাকে। স্যামুয়েলস ছিলেন ফাইনালের ম্যাচসেরা। সব মিলিয়ে গত বছর দলের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ (৪৮২), টেস্ট (৮৬৬) ও টি-টোয়েন্টিতে (৩২৫) দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন স্যামুয়েলস। তিন সংস্করণ মিলিয়ে উইকেটও ছিল ২৫টি। চন্দরপল টেস্টে বর্ষসেরা হয়েছেন ৯ টেস্টে ৯৮.৭০ গড়ে ৯৮৭ রান করে। বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছেন অলরাউন্ডার স্টেফানি টেলর। ৯ টেস্টে ৩ সেঞ্চুরি করে বর্ষসেরা উদীয়মান হয়েছেন ওপেনার কাইরান পাওয়েল। প্রথম শ্রেণীর ক্রিকেটের বর্ষসেরা হয়েছেন বাঁহাতি স্পিনার নিকিতা মিলার, তাঁর দল জ্যামাইকা হয়েছে বর্ষসেরা প্রথম শ্রেণীর দল। ওয়েবসাইট।