ত্রিনিদাদের কাছে হারল বিসিবি
কাল ত্রিনিদাদের বিপক্ষে জিতলেই ‘অল স্পোর্টস প্রমোশনস টি-টোয়েন্টি এক্সট্রাভাগাঞ্জা’ জয় করে ফেলত বিসিবি একাদশ। কিন্তু ত্রিনিদাদের কাছে ৪ উইকেটে হেরে সে আশায় গুড়ে বালি। নেট রান রেটে মাঝখান দিয়ে এই প্রতিযোগিতার শিরোপা জিতে গেছে এশীয় ক্রিকেটের নতুন শক্তি আফগানিস্তান।এই প্রতিযোগিতায় কালই বিসিবি একাদশ পূর্ণ ২০ ওভারের একটি খেলায় অংশ নিল। টসে জিতে ত্রিনিদাদ ও টোব্যাগো বিসিবিকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে বিসিবির সংগ্রহ ছিল ৯ উইকেটে ১২৪ রান। সর্বোচ্চ ৩১ রান করেন নাসির হোসেন। আশরাফুল করেন ৩০ রান।জবাবে ব্যাট করতে নেমে ত্রিনিদাদ ১২ রানে ৫ উইকেট হারিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে। তবে ইয়ানিক ৫২ রান করে শেষ পর্যন্ত ত্রিনিদাদকে নিয়ে যান জয়ের লক্ষ্যে।এই প্রতিযোগিতায় রান রেটে আগেই এগিয়ে ছিল আফগানিস্তান। চ্যাম্পিয়ন হওয়ার জন্য কাল ত্রিনিদাদের বিপক্ষে জিততে হতো বিসিবিকে। গতকালের ম্যাচে যদি ত্রিনিদাদ ১০ ওভারের মধ্যে বিসিবির ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে পারত, তাহলে আবার প্রতিযোগিতার শিরোপাটা জিতত ওই ত্রিনিদাদ। কিন্তু শেষ পর্যন্ত বিসিবির পরাজয় ও ম্যাচের শেষ ওভারে গিয়ে ত্রিনিদাদের জয় শিরোপা তুলে দিয়েছে আফগানিস্তানের হাতেই।