ত্রিমাত্রিক বিশ্বকাপ!
লিওনেল মেসির চোখ ধাঁধানো ড্রিবলিং কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত একটা ফ্রি-কিক! আহা! যদি সাধ্য থাকত, আপনি-আমি নিশ্চয়ই চলে যেতাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। চক্ষু-কর্ণের বিবাদ ভঞ্জন হতো। চাক্ষুষ সাক্ষী হয়ে আসা যেত এ সময়ের সেরা ফুটবলারদের সেরা খেলার।হতাশ হবেন না। দক্ষিণ আফ্রিকায় হয়তো সবার যাওয়া হবে না। কিন্তু এক কাজ করুন না, মেসি-রোনালদোকেই নিয়ে আসুন আপনার ড্রয়িংরুমে! না, মোটেও ঠাট্টা হচ্ছে না। একেবারে জীবন্ত হয়তো নয়, কিন্তু ‘প্রায়-জীবন্ত’ মেসি-রোনালদোর বিশ্বকাপ অভিযান দেখার সুযোগ করে দিচ্ছে ইএসপিএন।ভৌগোলিক দিক দিয়ে ২০১০ বিশ্বকাপের মাহাত্ম্য—এই প্রথম আফ্রিকা মহাদেশে বসছে ফুটবলের এই মহাযজ্ঞ। আর প্রযুক্তিগত দিক দিয়েও একটা ‘প্রথম’-এর দাবিদার হয়ে থাকবে ২০১০। এবারই প্রথম বিশ্বকাপের ম্যাচগুলো দেখানো হবে ত্রিমাত্রিক টেলিভিশনে। ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দিয়ে উদ্বোধন করা হবে ‘ইএসপিএন থ্রি-ডি’রও। বিশেষ ধরনের এই টিভির জন্য বানানো বিশেষ ধরনের চশমা পরে বসে খেলা দেখলে মনে হবে, যেন জীবন্ত খেলোয়াড়েরাই খেলছেন আপনার সামনে!যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসেছে ইন্টারন্যাশনাল কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)। সেখানেই পরশু ইএসপিএনের পাশাপাশি জাপানের ‘ইলেকট্রনিকস-দৈত্য’ সনিও ঘোষণা দিয়েছে ছোট পর্দার ত্রিমাত্রিক যুগ শুরুর এই অভিযাত্রায় শামিল তারাও। সনি জোট বেঁধেছে ডিসকভারি আর আইম্যাক্সের সঙ্গে। যুক্তরাষ্ট্রে তারাও শুরু করতে যাচ্ছে ত্রিমাত্রিক টিভির যুগ। তবে ইএসপিএনের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না সনির। কারণ সনি খেলাধুলা নয়; প্রকৃতি, মহাশূন্য, আবিষ্কার, অভিযান, বিজ্ঞান, প্রযুক্তিসহ বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ত্রিমাত্রিক অনুষ্ঠান বানাবে। আর ইএসপিএন বিশ্বকাপের ২৫টি ম্যাচ তো দেখাবেই। সব মিলে ‘ইএসপিএন থ্রি-ডি’র প্রথম বছরে সরাসরি সম্প্রচার করা হবে ৮৫টি ক্রীড়া ইভেন্টের। এর মধ্যে ফুটবল ছাড়াও যুক্তরাষ্ট্রে জনপ্রিয় খেলাগুলোও থাকবে।জাপান আর দক্ষিণ কোরীয় টিভি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ত্রিমাত্রিক টিভি বেশ কিছুদিন হলো বানিয়ে আসছে। কিন্তু বিক্রি খুব একটা হচ্ছে না। কারণ একে তো এই টিভির দাম বেশ চড়া। তা ছাড়া ত্রিমাত্রিক টিভির উপযোগী অনুষ্ঠানও নেই। খামোখা একটা টিভি কিনে কী লাভ।তবে টাইটানিক-খ্যাত নির্মাতা জেমস ক্যামেরনের নতুন ছবি অ্যাভাটার ত্রিমাত্রিক সিনেমার ক্ষেত্রে অবিস্মরণীয় ব্যবসাসফল হওয়ার পর আবারও আশা জেগেছে। আর তাই অ্যাভাটার, সিইএস এসবের সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক না থাকলেও ফুটবলের হাত ধরেই যাত্রা শুরু করছে টেলিভিশনের ত্রিমাত্রিক যুগ।চোখের সামনে ত্রিমাত্রিক মেসি-রোনালদো! না, এতটা উল্লসিত আপাতত হবেন না। কারণ ‘ইএসপিএন থ্রি-ডি’ দেখা যাবে শুধু যুক্তরাষ্ট্রে! এএফপি অবলম্বনে।