ত্রয়ীর কাণ্ডে বিব্রত, লজ্জিত পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের বিশেষায়িত তদন্ত সংস্থা ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) পুলিশ পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে। আজ শনিবার দিনের যেকোনো দিন তাঁদের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে একটা ফয়সালাও হয়ে যাবে বলে জানা গেছে। স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত পাকিস্তানি ত্রয়ীর কাণ্ডে গোটা পাকিস্তানই লজ্জিত ও বিমর্ষ।পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকারা পুরো ব্যাপারটিকেই দেখছেন জাতীয় লজ্জা হিসেবে। পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও নির্বাচক ইকবাল কাশিম বলেছেন, ‘ব্যাপারটি পাকিস্তান ক্রিকেটই শুধু নয়, গোটা দেশের জন্যই অত্যন্ত লজ্জার।’ তিনি আরও বলেন, ‘স্পট ফিক্সিংয়ের অভিযোগে আইসিসি বাট, আমির ও আসিফকে শাস্তি দেবে ব্যাপারটি আমাদের কাছে অনুমিতই। কিন্তু, সিপিএসের বিষয়টি পাকিস্তানের মানুষের কাছে মরার ওপর খাঁড়ার ঘা হিসেবেই এসেছে।’পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহী আরিফ আব্বাসি এ ঘটনার জন্য পিসিবির নির্লিপ্ততাকেই দায়ী করেছেন। তিনি বলেন, ‘পিসিবি যেখানে নিষ্ক্রিয়, নির্লিপ্ত সেখানে এমন ঘটনার জন্য আমাদের মাথা তো হেঁট হবেই।’পিসিবির সাবেক প্রধান তৌকির জিয়া মনে করেন, আইসিসি যদি স্পট ফিক্সিংয়ের কারণে এই তিন ক্রিকেটারকে লঘু শাস্তিও দেয়, তার পরেও সিপিএসের বর্তমান তদন্তে এদের জেল হতে বাধ্য। কারণ, অবৈধ অর্থের লেনদেন বড় ধরনের অপরাধের পর্যায়েই পড়ে।তৌকির জিয়ার নেতৃত্বে ২০০০ সালে গঠিত এক তদন্ত কমিটি পাকিস্তানে ক্রিকেট জুয়ায় জড়িত থাকার অভিযোগে সেলিম মালিকের মতো খেলোয়াড়কে আজীবন ক্রিকেট থেকে বহিষ্কার করেছিল। আরও কয়েকজন ক্রিকেটার বিভিন্ন অঙ্কের জরিমানা দিতে বাধ্য হয়েছিলেন। এবারের ঘটনাতেও তেমন কিছুরই সম্ভাবনা দেখছেন পিসিবির সাবেক প্রধান এই সেনা কর্মকর্তা। দ্য ডন।