থমকে গেছে হকির নতুন টার্ফ বসানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশকে অনুদান হিসেবে নতুন একটি অ্যাস্ট্রো টার্ফ দেওয়ার ঘোষণা দিয়েছিল আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)। কিন্তু প্রায় নয় মাস পেরিয়ে গেলেও নতুন টার্ফ বসানোর কোনো উদ্যোগই নেই ফেডারেশনের। ভেন্যু পরিদর্শনের তাগাদা দিয়ে এফআইএইচ থেকে গত তিন মাসে তিনটি চিঠি দেওয়া হয়েছে হকি ফেডারেশনকে। অথচ এফআইএইচের কর্মকর্তাদের ঢাকায় আনার ব্যাপারে কোনো আগ্রহই দেখাচ্ছে না ফেডারেশন।
কিন্তু কেন এমনটা করা হচ্ছে? হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানালেন, ‘দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে আপাতত আমরা তাঁদের আসতে নিষেধ করেছি। রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে আমরাই তাঁদের ঢাকায় আসার জন্য চিঠি দেব। তিন সদস্যের পরিদর্শক দলের প্রধান তৈয়ব ইকরাম এখন চীনে আছেন। চীনের কার্যক্রম শেষে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।’
হকির নতুন এই অ্যাস্ট্রো টার্ফ বসানো হবে দিনাজপুর বিকেএসপিতে। গত ফেব্রুয়ারিতে এফআইএইচ সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে ঢাকায় এসে অনুদান হিসেবে টার্ফ ও ফ্লাডলাইট দেওয়ার প্রতিশ্রুতি দেন। টার্ফ নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি ফ্লাডলাইট বসানো নিয়েও অনিশ্চিত অবস্থায় রয়েছে ফেডারেশন। ফ্লাডলাইট বসানোর দায়িত্ব পাওয়া মার্কিন কোম্পানির সঙ্গেও ফেডারেশনের দীর্ঘদিন যোগাযোগ নেই।
হকির টার্ফ বসানোর খরচ বাবদ আড়াই লাখ ডলার বাজেটের দেড় লাখ দেওয়ার কথা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি)। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মাধ্যমে এই টাকা চেয়ে এরই মধ্যে আইওসিতে চিঠি পাঠিয়েছে ফেডারেশন। বাজেটের ৭৫ হাজার ডলার (প্রায় ছয় কোটি টাকা) দেবে বাংলাদেশ সরকার। কিন্তু সরকারের মেয়াদের শেষ সময়ে এসে এ পরিমাণ টাকা পেতে ফেডারেশনকে বারবার ধরনা দিতে হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে। অথচ এনএসসির গত অর্থবছরের বাজেটের প্রায় সাত কোটি টাকা ফেরত গেছে সরকারি কোষাগারে!