থর্প এখন পুনর্বাসন কেন্দ্রে!

তাঁর আগমনটা ছিল বিস্ময়-জাগানিয়া। ২০০০ সালে সিডনি অলিম্পিকেই তিনটি সোনা ও দুটি রৌপ্য পদক জিতেই চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এক তরুণ সাঁতারু—ইয়ান থর্প। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে জিতলেন দুটি সোনা। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে জিতেছেন ১১টি সোনা। সাঁতারের পুলে সাফল্য-ভাস্বর থর্পের জীবন যেন সোনায় মোড়া। অথচ সেই থর্পই ব্যক্তিগত জীবনে কিনা, বিবর্ণ, সমস্যা-সংকুল! সম্প্রতি সিডনি পুলিশ খেই হারিয়ে ফেলা অস্ট্রেলিয়ার সাবেক এ সাঁতারুকে পাঠিয়েছে পুনর্বাসনকেন্দ্রে।
জানা যায়, থর্প নাকি একটি গাড়ির কাছে দাঁড়িয়ে অস্বাভাবিক আচরণ করছিলেন। এ সময় গাড়ির মালিক খবর দেয় পুলিশকে। পুলিশ অবশ্য ঘটনাস্থলে এসে চিনতে পারে তাঁকে। এরপর তারা পুনর্বাসনে পাঠিয়ে দেয়। ৩১ বছর বয়সী এই সাঁতারুর ম্যানেজার জেমস অ্যার্সকিন সাংবাদিকদের বলেন, ‘আসলে গাড়ির মালিকই পুলিশকে খবর দিয়েছেন। সে কারণেই পুলিশ এসেছে। তারা বুঝতে পেরেছে লোকটি ছিলেন থর্প। তিনি কাউকে চিনতে পারছেন না।’ আনুষ্ঠানিকভাবে কোন অভিযোগ না পাওয়ায় থর্পের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ।
গত বছর আত্মজীবনীতে থর্প বলেছিলেন, বহুদিন ধরেই বিষাদগ্রস্ততায় ভুগছেন। বিবিসির এক সাক্ষাত্কারেও বলেছিলেন, আত্মহত্যার চিন্তা ঘোরে মাথায়। এ কারণে প্রচুর সুরাসক্তি তাঁর। জীবন নিয়ে তিনি চূড়ান্ত হতাশ। ২০১২ লন্ডন অলিম্পিকে তো যেতেই পারলেন না।
থর্পের ম্যানেজার অবশ্য এ ঘটনার পর দাবি করেছেন, ‘তিনি সুরাসক্ত ছিলেন না। বিষাদগ্রস্ততার কারণে পুনর্বাসনে রয়েছেন।’ ম্যানেজার এও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার সাঁতার কিংবদন্তি কাঁধের ইনজুরির কারণে অনেক দিন ধরেই ব্যথা উপশমকারী ওষুধ খাচ্ছেন। তবে মোটেও মাদকাসক্ত নন। রয়টার্স ও ওয়েবসাইট।