থর্প-দুঃসংবাদ, রাইসের অবসর

অস্ট্রেলিয়ার সাঁতারে হঠাৎই যেন কুয়াশা নামল। কাঁধের অস্ত্রোপচার থেকে সংক্রমণ হওয়ায় পরশু সিডনি হাসপাতালে ভর্তি হয়েছেন ইয়ান থর্প। তাঁকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যাকেন্দ্রে। গতকাল জানা গেল, কাঁধ থেকে থর্পের চোটগ্রস্ত পুরো বাঁ হাতটাই কেটে ফেলতে হতে পারে!
থর্পেডোর এই দুঃসংবাদের মধ্যেই অবসরের ঘোষণা দিয়ে অস্ট্রেলিয়ার সাঁতার অঙ্গনকে নাড়িয়ে দিয়েছেন স্টেফানি রাইস। গতকাল নিজের ওয়েবসাইটে এক ভিডিও পোস্ট করে অবসরের কথা নিশ্চিত করেছেন ২০০৮ বেইজিং অলিম্পিকের আলোড়ন।
দেশের হয়ে সর্বোচ্চ পাঁচটি অলিম্পিক সোনা জিতেছেন থর্প। ২০০০ সিডনি অলিম্পিকেই তিনটি সোনা ও দুটি রুপা জেতা থর্প দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদও। ২০০৮ বেইজিং অলিম্পিকে তিনটি সোনা জিতে রাইসও নিজেকে প্রতিষ্ঠিত করেন অন্য উচ্চতায়। মাইকেল ফেল্পেসর কীর্তিধন্য ওই আসরে সাঁতার-সুন্দরী আলাদা নজর কাড়েন তিনটিতেই বিশ্বরেকর্ড গড়ে। কিন্তু চোটের কারণে ২০১২ লন্ডন অলিম্পিকে সোনা দূরের কথা, জিততে পারেননি কোনো পদক। এরপর আর প্রতিযোগিতামূলক সাঁতারেই নামেননি। আরেকটি অলিম্পিকের আগে তো নিয়ে ফেললেন অবসর। যে কাঁধের অস্ত্রোপচারের কারণে থর্প আজ হাসপাতালে, মাত্র ২৫ বছর বয়সে রাইসের অকাল অবসরের কারণও সেই কাঁধের চোট। এক-দুবার নয়, তিনবার অস্ত্রোপচার করিয়েছেন কাঁধে। তাই আর ঝুঁকি নিতে চান না।
থর্পও রাইসের কাছাকাছি বয়সে (২৬) অবসর নিয়ে চমকে দিয়েছিলেন। তবে দীর্ঘ পাঁচ বছর পর থর্পেডো ঠিকই ফিরে এসেছিলেন সুইমিংপুলে। কিন্তু রাইস জানিয়ে দিয়েছেন আর কখনোই সাঁতারে ফিরবেন না, থাকবেন অন্য কিছু নিয়ে, ‘অবশ্যই আমি আমার জীবনের একটা অংশ হারাব। তবে আমি সত্যিই ভবিষ্যৎ নিয়ে রোমাঞ্চিত।’
থর্পের ৩১ বছরের ছোট্ট জীবনের গল্পটা বিশাল। চোট, বিতর্ক, অবসাদগ্রস্ততায় জীবনের বাঁকটা বারবার বদলে গেলেও সাঁতারপুলে আবার ঝড় তোলার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু চোট বুঝি আর তাঁকে সেই সুযোগ দেবে না। সুইজারল্যান্ডে থিতু হওয়া থর্প কাঁধে অস্ত্রোপচার করিয়েছেন একাধিকবার। সেই অস্ত্রোপচারের কারণেই সংক্রমণ হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন থর্প। পরশু সুইজারল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে গিয়ে ভর্তি করা হয় হাসপাতালে। থর্পের এক বন্ধুই জানিয়েছেন, তাঁর বাঁ হাতটা কেটে ফেলতে হতে পারে। ওয়েবসাইট।