থর্পের আশা নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিকের অস্ট্রেলিয়া দলে ইয়ান থর্পের কোনো জায়গা দেখছেন না ডেনিস কটারেল। কে এই কটারেল? হেলাফেলা করার মতো কেউ নন, দুটি অলিম্পিকে ১৫০০ মিটারে সোনাজয়ী অস্ট্রেলিয়ান সাঁতারু গ্রান্ট হ্যাকেটের কোচ ছিলেন কটারেল। তাঁর মতে, থর্পের হাতে সময় কম। এত কম সময়ে নিজেকে পুরোপুরি ফিরে পাবেন না অলিম্পিকে পাঁচটি সোনাজয়ী সাঁতারু। আর নিজের সেরা রূপে ফিরে আসতে না পারলে অলিম্পিকে যাওয়ার স্বপ্ন না দেখাই ভালো।দ্য অস্ট্রেলিয়ানকে কাল কটারেল বলেছেন, ‘সহজ কথায়, থর্প দলে জায়গা করে নেওয়ার মতো টাইমিং করতে পারেননি। হ্যাঁ, চ্যাম্পিয়নদের সম্পর্কে শেষ কথা বলা যায় না। আর তাঁর অর্জন তো অসামান্য। তবে ফেব্রুয়ারির দল নির্বাচনের আগে সে এক বছরেরও কম সময় হাতে পেয়েছে। আমার ধারণা, সে পারবে না।’১৫০০ মিটার সাঁতারের বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের সুন ইয়াংকে এখন কোচিং করাচ্ছেন কটারেল। থর্পের লক্ষ্যপূরণটা কত কঠিন, সেটি বিস্তারিতই বলেছেন তিনি, ‘সে এক বছরেই যে কাজটা করতে চাচ্ছে, সেটা আসলে দুই বছরের কাজ। আপনি কত ভালো, সেটা ব্যাপার না। মনে রাখতে হবে, সে ছয় বছর সাঁতারের বাইরে ছিল। নিজেকে ফিট রাখা আর শীর্ষপর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মধ্যে অনেক পার্থক্য।’২০০৬ সালে অবসর নিয়েছিলেন থর্প। আগামী অলিম্পিকে অংশ নেওয়ার লক্ষ্য নিয়েই এ বছর প্রতিদ্বন্দ্বিতামূলক সাঁতারে ফেরেন ২৯ বছর বয়সী সাঁতারু। কিন্তু ফেরার পর থেকে আগের সেই রূপে দেখা দিতে পারেননি একবারও। রয়টার্স।